ভাবসম্প্রসারণ
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে একটি ভাবসম্প্রসারণ।
ধনের মানুষ মানুষ নয়, মনের মানুষই মানুষ
ভাবসম্প্রসারণ: যার ধনদৌলত আছে তিনি ধনী; তবে ধনীর যদি মন ছোট হয় তাহলে তিনি ধনী হয়েও প্রকৃত মানুষ বলে গণ্য হবেন না।
যে ব্যক্তির মন উদার ও প্রশস্ত তিনিই প্রকৃত মানুষ। পার্থিব ঐশ্বর্যের অধিকারীকে সাধারণ মানুষের ওপর সাময়িক আধিপত্য বিস্তারের সুযোগ দেয় বটে, কিন্তু তা কখনো তাঁদের অন্তরে স্থায়ী প্রভাব বিস্তার করতে পারে না। তাঁর মূর্খতা নিয়ে আড়ালে থেকে সবাই ঠাট্টা-বিদ্রূপ করে এবং তাঁর মন্দ কাজের জন্য অভিশাপ দিয়ে থাকে। আবার অনেকেই তাঁকে মানুষ না বলে, পশু বলে আখ্যা দিয়ে থাকে। কিন্তু যেসব ব্যক্তি জ্ঞানী, প্রতিভাবান, চরিত্রবান এবং পবিত্র হূদয়ের অধিকারী তাঁদের দেখলে মানুষের মাথা আপনিই নত হয়ে আসে এবং তাঁদের অন্তর অপূর্ব ভক্তিরসে সিক্ত হয়ে যায়। এসব মহৎ ব্যক্তি কখনো মানুষের কাছে সমাদর প্রত্যাশা করেন না, কিন্তু মানুষ তাঁদের ভক্তি ও সমাদর করে এবং চিরকাল তাঁদের স্মরণ করে থাকে। তাই মরেও তাঁরা এ জড় পৃথিবীতে অমর হয়ে থাকেন। পক্ষান্তরে, অনুদার ঐশ্বর্যশালীর সমাদর ক্ষণস্থায়ী। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে তাঁর নাম চিরতরে লুপ্ত হয়ে যায়। নিজের আত্মীয়স্বজনেরাও কখনো তাদের মনের রাজ্যে তাঁকে আর ঠাঁই দিয়ে রাখে না। মরার সঙ্গে সঙ্গে তাঁদের নামেরও মৃত্যু হয়। আবার কেউ যদি পার্থিব ধন-ঐশ্বর্যের অধিকারী হয়েও তা মানবকল্যাণে ব্যয় না করেন, তাহলে তাঁকে বলতে হবে তিনি নিতান্তই ছোট মনের অধিকারী। তাঁর দ্বারা সমাজ, দেশ ও জাতির কোনো কল্যাণ হতে পারে না। তাই জীবদ্দশায় যেমন তাঁকে কেউ ভালোবাসে না, তেমনি মৃত্যুর পরও কেউ তাঁকে স্মরণ করে না। সুতরাং ধনসম্পত্তি, অর্থকড়ি যাঁর আছে তিনি বড় নন। তারচেয়ে বরং যে বড় মনের অধিকারী তিনিই আসল মানুষ। বড় মনের মানুষ ভালোবাসে উদারভাবে, সুন্দরভাবে এবং সে ভালোবাসা নির্মল ও পবিত্র। কেবল ধনদৌলতের মাপকাঠিতে কোনো মানুষকে বিচার করা যায় না। দেখতে হবে ধনী ব্যক্তিটির মন কিরূপ, তার মন প্রশস্ত এবং উদার কি না? যদি এ ধনী ব্যক্তির মন ছোট হয় তাহলে তিনি প্রকৃতপক্ষে মানুষ নন। পক্ষান্তরে যে ব্যক্তির প্রচুর ধন নেই, কিন্তু মন প্রশস্ত তিনিই প্রকৃত মানুষ। জীবনে সম্পদের প্রয়োজন আছে সত্য কিন্তু সম্পদকে কোনো অবস্থাতেই মনের ওপর স্থান দেওয়া চলে না। মন উদার প্রসন্নভাবে যখন মনুষ্যত্বকে একমাত্র মূলধন রূপে দেখে, তখন বিলাসদ্রব্যের পরিমাণে সে আটকে পড়ে না। আবার বিষয় বোধের জন্য যে ক্ষুদ্রতা ও স্বার্থপরতা জাগে, তাতে মানুষে মানুষে দ্বন্দ্ব বাড়ে। কিন্তু চিত্তের ঐশ্বর্যকে বড় মনে করলে এ রকম সংকট কাটিয়ে ওঠা সম্ভব। এই মহান বাণীরই প্রতিফলন দেখি আমরা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে। দেবাদিদেব মহেশ্বর বাইরের ঐশ্বর্য শূন্য হওয়ায় হিমালয় রাজকন্যা উমা তাঁর জন্য দুশ্চর তপস্যা করেন। শুধু দেবতা কল্পনা কেন, ইতিহাসের পাতাতেও দেখি বুদ্ধদেব প্রথম যৌবনেই বিলাসী জীবনের রাজসুখ ছেড়ে পথের মানুষের জন্য ভিক্ষাব্রত নিয়েছেন। চৈতন্যদেব জাগতিক প্রতিষ্ঠাবাসনা ছেড়ে সন্ন্যাসব্রত গ্রহণ করেছেন। চণ্ডীদাস রাজদরবারের লোভনীয় পদ ছেড়ে বৃন্দাবনের তীর্থধূলিতে বৈষ্ণব দর্শনের অনুপম ভাষ্য লিখেছেন। হজরত মুহাম্মদ (সা.) ধনের বাসনা ত্যাগ করে দীন-হীনের মতো জীবন যাপন করতেন। ফলে গোটা দুনিয়ায় তিনি মানুষের একান্ত আপন হয়ে উঠেছিলেন।
বিত্তের হাতছানি তুচ্ছ করে যাঁরা চিত্তমুক্তির পথে পা বাড়িয়েছেন, তাঁরাই হয়েছেন শ্রেষ্ঠ। ঐশ্বর্যের পাহাড় দিয়ে জীবনকে মাপা হয় না। জীবনকে মাপা হয় অন্তরের মহত্বের নিরিখে।