প্রশ্নোত্তর বাক্য ও শব্দ গঠন
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ এদের বর্ণনা দাও।
অথবা, অর্থের পার্থক্য বিচারে বাংলা শব্দ কয় প্রকার ও কী কী? উদাহরণসহ লেখো।
অথবা, অর্থগত দিক থেকে বাংলা শব্দ কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে তিন ভাগে ভাগ করা যায়। যথা: ১। যৌগিক শব্দ ২। রূঢ় বা রূঢ়ি শব্দ ও ৩। যোগরূঢ় শব্দ।
যৌগিক শব্দ: যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থানুযায়ী নির্ধারিত হয়ে থাকে তাদের যৌগিক শব্দ বলে। যেমন: পড়্+উয়া = পড়ুয়া; ঢাকা+আই=ঢাকাই, কৃ+তব্য=কর্তব্য।
রূঢ় বা রূঢ়ি শব্দ: যেসব প্রত্যয় নিষ্পন্ন শব্দ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ না বুঝিয়ে অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে, তাদের রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন: ‘সন্দেশ’ শব্দের শব্দ ও প্রত্যয়গত অর্থ ‘সংবাদ’। কিন্তু এর প্রচলিত অর্থ ‘মিষ্টান্ন বিশেষ’। কাজেই ‘সন্দেশ’ রূঢ়ি শব্দ। হস্তী, তৈল, বাঁশি ইত্যাদি রূঢ়ি শব্দের উদাহরণ।
যোগরূঢ় শব্দ: সমাসবদ্ধ অথবা একাধিক শব্দ বা ধাতুর দ্বারা নিষ্পন্ন শব্দ যখন কোনো আপেক্ষিক অর্থ না বুঝিয়ে অন্য বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন: ‘পঙ্কজ’ শব্দের আপেক্ষিক অর্থ হলো যা পঙ্কে জন্মে তা, অর্থাত্ শৈবাল, পদ্মফুল, কেঁচো প্রভৃতি। কিন্তু পঙ্কজ বললে শুধু পদ্মফুলকেই বোঝায়। কাজেই ‘পঙ্কজ’ যোগরূঢ় শব্দ।
প্রশ্ন: দ্বিরুক্তি বা দ্বিরাবৃত্তি বলতে কী বোঝ? তা কত প্রকার উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: দ্বিরুক্তি বা দ্বিরাবৃত্তি: শব্দ, পদ ও ধ্বনিগুচ্ছের পুনরুক্তি করে নতুন ভাব প্রকাশের ব্যবস্থার নাম দ্বিরুক্তি বা দ্বিরাবৃত্তি। একে শব্দদ্বৈতও বলা হয়।
দ্বিরুক্তির প্রকারভেদ। এটি তিন প্রকার। যথা:
(ক) শব্দদ্বৈত বা শব্দাত্মক দ্বিরুক্তি: একটি শব্দ দুবার ব্যবহার করলে শব্দ দ্বৈত বা শব্দাত্মক দ্বিরুক্তি হয়। যেমন—বাড়ি বাড়ি, বছর বছর।
(খ) পদদ্বৈত বা পদাত্মক দ্বিরুক্তি: একই পদ দুবার ব্যবহার করলে পদদ্বৈত বা পদাত্মক দ্বিরুক্তি হয়। যেমন—চোরে চোরে, পথে পথে।
(গ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি: ধ্বনিসমবায়ে সৃষ্ট অর্থহীন অথচ দ্যোতনা সৃষ্টিকারী শব্দের দুবার ব্যবহারে ধ্বন্যাত্মক বিরুক্তি হয়। যেমন—শন্শন্, কন্কনে।
প্রশ্ন: নিচের যে কোনো পাঁচটির উদাহরণসহ সংজ্ঞা লেখো।
মৌলিক শব্দ, যৌগিক শব্দ, যোগ্যতা, বিভক্তি, আসত্তি, যৌগিক বাক্য, ক্রিয়া বিশেষণ।
উত্তর: মৌলিক শব্দ: যেসব শব্দ ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন: মা, বাবা, বই, হাত, আকাশ ইত্যাদি।
যৌগিক শব্দ: যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাদের যৌগিক শব্দ বলে। যেমন: কৃ+তব্য=কর্তব্য (যা করা উচিত), বাড়ি+ওয়ালা=বাড়িওয়ালা (বাড়ির মালিক)।
যোগ্যতা: বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিল বন্ধন বা সংগতি সাধনকে যোগ্যতা বলে। যেমন: ‘শরতে কোকিল ডাকে’ এ পদসমষ্টিতে এক পদের সঙ্গে অন্য পদের অর্থগত মিল নেই। কারণ, শরতে কোকিল ডাকে না। কিন্তু যদি বলা হয় ‘বসন্তে কোকিল ডাকে’ তবে পদগুলোর অর্থগত মিল পাওয়া যায়। যোগ্যতার অভাব হলে কোনো পদসমষ্টিকে বাক্য বলা যাবে না।
বিভক্তি: বাক্যের বিভিন্ন পদের সঙ্গে অন্বয় সাধনের জন্য এদের সঙ্গে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। যেমন: ভিক্ষুককে ভিক্ষা দাও। এখানে ‘ভিক্ষুক’ পদের সঙ্গে ‘কে’ বর্ণটি যুক্ত হয়ে পদগুলোর অন্বয় সাধন করেছে। সুতরাং ‘কে’ বর্ণটি বিভক্তি।
আসত্তি: বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসই আসত্তি। মনোভাব প্রকাশের জন্য বাক্যে পদগুলো এমনভাবে পরস্পর সাজানো হয় যাতে করে মনোভাব প্রকাশে ব্যবহূত হয়। যেমন: ‘ভালো কবি লিলি হক একজন সত্তর দশকের’ বললে পদবিন্যাস সঠিকভাবে না হওয়ায় মনোভাবটি প্রকাশে ব্যাহত হয়েছে। কিন্তু ‘লিলি হক সত্তর দশকের একজন ভালো কবি’ বললে পদবিন্যাস সঠিক হওয়ার কারণে এতে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে, তাই বাক্যের মধ্যে আসত্তিগুণ থাকা আবশ্যক।
যৌগিক বাক্য: যে বাক্যে দুই বা ততোধিক স্বাধীন বাক্য থাকে, তাকে যৌগিক বাক্য বলে। স্বাধীন বাক্যগুলো ও, এবং, কিংবা, নতুবা, কিন্তু ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত তাকে। যেমন: কামাল এবং জামাল প্রত্যহ স্কুলে যায়।
ক্রিয়া বিশেষণ: যে বিশেষণ পদে কোনো ক্রিয়াপদের গুণ, প্রকৃতি বা অবস্থা প্রকাশিত হয়, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন: ‘সচকিতে’ বীবর দেখিলা সম্মুখে; উত্তরিলা ‘কাতরে’ রাবণি ইত্যাদি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল