বাঁকানো স্মার্টফোনের ডিসপ্লে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্ট হাতঘড়ি, চশমাসহ পরিধেয় প্রযুক্তির যুগে বৈপ্লবিক পরিবর্তন ঘটছে স্ক্রিনের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, প্রযুক্তিপণ্যে ব্যবহূত স্ক্রিনের উন্নয়নের ফলে এখন তা সহজেই বাঁকানো, ভাঁজ করা বা মোড়ানো যাচ্ছে। শিগগিরই হয়তো বাঁকানো ডিসপ্লের স্মার্টফোন বাজারে চলে আসতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।গবেষকেরা জানিয়েছে, বর্তমান যুগের ভারী ও ভঙ্গুর কাচের ডিসপ্লে থেকে ভবিষ্যতে নমনীয় স্ক্রিন তৈরির পথে অনেক দূর এগিয়েছেন গবেষকেরা। তবে এখনো তাঁদের বেশ কিছুদূর যেতে হবে।যুক্তরাষ্ট্রের লাক্স রিসার্চ নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের গবেষক জোনাথান মেলনিক জানিয়েছেন, বাঁকানো প্রযুক্তির উন্নয়নের ফলে প্রযুক্তিপণ্য নকশাকারীদের কাছে তা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। গবেষকেরা বলছেন, বাঁকানো স্ক্রিনের সুবিধা নিয়ে অনেক প্রযুক্তিপণ্যের প্রটোটাইপ তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোনের প্রটোটাইপ দেখিয়েছে। তবে নমনীয় ডিসপ্লেযুক্ত পণ্য বাজারে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে উন্নত প্রযুক্তির উদ্ভাবন ও প্রযুক্তিপণ্যকে সাশ্রয়ী করার বিষয়টি। গবেষকেরা ধারণা করছেন, ২০১৬ সাল নাগাদ ছোট আকারের নমনীয় ডিসপ্লের বাজার ৭২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। বর্তমানে ডিসপ্লের বাজার দখল করে রেখেছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা এলসিডি। তবে এলসিডির বাজারে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে আসছে অর্গানিক লাইট এমিটিং ডায়োড বা ওএলইডি। এলসিডির চেয়ে ওএলইডি শক্তিসাশ্রয়ী ও বেশি উজ্জ্বল।হিউলেট প্যাকার্ড বা এইচপির প্রকৌশলীরা জানিয়েছেন, ট্যাবলেট কম্পিউটারকে হালকা-পাতলা করতে ডিসপ্লের ওজন কমাতে হবে। ট্যাবলেটের ওজন বেশি হওয়ার কারণ হচ্ছে, কাচের তৈরি ডিসপ্লে ও ডিসপ্লেকে সুরক্ষায় ব্যবহূত কাঠামো।গরিলা গ্লাস থেকে উইলো গ্লাসগ্লাস বা কাচের ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠানগুলো হালকা-পাতলা কাচ তৈরিতে কাজ করে যাচ্ছে। গরিলা গ্লাস নির্মাতা কর্নিং গরিলা গ্লাসের উল্লেখযোগ্য উন্নয়ন করেছে। আগামী বছর নাগাদ স্মার্টফোনের জন্য বাঁকানো গ্লাস বাজারে আনতে পারে কর্নিং। বর্তমানে কর্নিং কর্তৃপক্ষ উইলো গ্লাস নামে একধরনের ডিসপ্লে তৈরি করছে, যা কাগজের মতো পাতলা ও নমনীয়। উইলো গ্লাস দিয়ে বাঁকানো প্রযুক্তিপণ্য নির্মাণ করা সম্ভব হবে বলেই গবেষকেরা মনে করছেন। তবে এ ক্ষেত্রে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেই গবেষকেরা মনে করছেন।গবেষকেরা কাচের বিকল্প হিসেবে ফিল্ম, প্লাস্টিক ব্যবহারের কথাও ভাবছেন। জাপানের গবেষকেরা বাঁকানো ডিসপ্লের উন্নয়নে অনেক দূর অগ্রসর হয়েছে।নমনীয় স্মার্টফোনহালকা-পাতলা ও নমনীয় স্মার্টফোন তৈরির পরিকল্পনায় অনেক দূর এগিয়েছে স্মার্টফোন নির্মাতা বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে স্যামসাং, নকিয়া, এসার, এলজি। গবেষকেরা জানিয়েছেন, অত্যন্ত পাতলা ওএলইডি ডিসপ্লে বিভিন্ন উপাদানের সঙ্গে যুক্ত করা সম্ভব। এর মধ্যে একটি হচ্ছে নমনীয় প্লাস্টিক। নমনীয় প্লাস্টিক ব্যবহার করলে স্মার্টফোন হবে টেকসই এবং সহজেই ভাঁজ করা যাবে।কাগজের মতো ট্যাবলেট কম্পিউটারকাগজের মতো পাতলা স্ক্রিনযুক্ত একটি ট্যাবলেট তৈরি করেছেন কানাডার গবেষকেরা। গবেষকদের দাবি, ‘পেপার ট্যাব’ নামের ট্যাবলেটটি নমনীয় হওয়ায় এটি ভাঁজ করা যাবে এবং পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। আগামী পাঁচ বছরের মধ্যেই ল্যাপটপের বিকল্প হিসেবে নমনীয় এ ট্যাবলেট মানুষের হাতের নাগালে চলে আসবে। গবেষকেরা জানিয়েছেন, কম্পিউটার স্ক্রিনের পাশাপাশি এ ট্যাবলেট ই-বুক হিসেবেও ব্যবহার করা যাবে। একটি ডিসপ্লে ব্যবহারের পরিবর্তে বইয়ের পাতার মতো একাধিক স্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবে এই ট্যাবে এবং প্রতিটি স্ক্রিনে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে।