বাঁহাতি হওয়ার সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মতো বাঁ পাশে বসে চালিত যানের কথা মাথায় রেখে করা নকশায় মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। কিন্তু বাংলাদেশে ডান হাতে চালিত যানের জন্য ব্যবহার করতে হবে। ফলে অনেক সমস্যা তৈরি হবে বলে মনে করছেন সড়ক যোগাযোগ নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা। তবে রস+আলো মনে করে, বাঁহাতি হওয়াই ভালো! কেন? পড়ুন বিস্তারিত।

* বাংলাদেশের অনেক বড় বড় কর্তাব্যক্তি আছেন, যাঁরা অফিসে ডান হাতের চেয়ে বাঁ হাতে কাজ করতেই বেশি পছন্দ করেন। বাঁ হাতের আদান-প্রদানের বিনিময়ে কাজে গতি আসে, অনেক নিচে থাকা ফাইল অনেক ওপরে চলে যায়। কচ্ছপগতিতে চলতে থাকা কাজ শেষ হয়ে যায় নিমেষেই। ফ্লাইওভারের নকশায় বাঁহাতিজনিত ত্রুটি মূলত ত্রুটি নয়, এটা ইচ্ছা করেই করা হয়েছে। যেন অফিসের মতো বাঁয়ে চলাচল করে ঢাকার যানজটযুক্ত রাস্তায়ও কিছুটা গতি আসে।
মন্তব্য: বাহ্, ভুল থেকে যদি গতি আসে, তাহলে তো ভুলই ভালো!

* মুস্তাফিজ বর্তমান ক্রিকেটবিশ্বে ব্যাটসম্যানদের জন্য অন্যতম এক ত্রাসের নাম! মুস্তাফিজের বলে যেমন গতি, তেমনই বৈচিত্র্য। ফলে আছে সাফল্য। মুস্তাফিজ বাঁ হাতে বল করেই এত অল্প সময়ে এত কিছু অর্জন করেছেন। প্রকৌশলীরা ফ্লাইওভারের নকশা করার সময় মূলত মুস্তাফিজ থেকেই অনুপ্রাণিত হয়ে কাজটা করেছেন। তাঁরা ভেবেছেন, এতে করে মুস্তাফিজের মতো যদি দেশের সার্বিক সাফল্য আসে তাহলে ক্ষতি কী?
মন্তব্য: প্রকৌশলীরা শুধু মুস্তাফিজ নয় সাকিবের কথাও মাথায় রেখেছিলেন। বিশ্বের সঙ্গে তাল মেলাতে ফ্লাইওভারের নকশায় বাঁহাতিজনিত ত্রুটির বিকল্প নেই!

* উন্নত বিশ্বে সবাই বাঁ দিকে বসে গাড়ি চালায়। এবং ওই দেশগুলো উন্নত থেকে উন্নততর হচ্ছে। আমাদের দেশে সেই আদিকাল থেকেই ডান দিকে বসে গাড়ি চালানো হচ্ছে। এতে উন্নতির বদলে অবনতিই হচ্ছে বেশি। প্রতিবছর বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা। দেশে সড়ক দুর্ঘটনা কমিয়ে বিদেশের সঙ্গে তাল মেলাতেই প্রকৌশলীরা উন্নত দেশের আদলে নকশা করেছেন। এতে যদি সড়ক দুর্ঘটনা কমে, কিছু প্রাণ বেঁচে যায়, ক্ষতি তো নেই।
মন্তব্য: যাক, দেশ উন্নত হোক বা না হোক, অন্তত বলতে তো পারব, আমরাও উন্নত দেশ! কারণ, উন্নত দেশে বাঁ দিকে বসে গাড়ি চালানো হয়, আমাদের দেশেও!

* ডান হাতের অনেক দায়িত্ব, বিশেষ করে আমাদের দেশে যখন ডানহাতি মানুষের সংখ্যাই বেশি। সেই সকালে উঠে প্রাকৃতিক কর্মকাণ্ড ছাড়া দিনের বাকি সব কাজই করতে হয় ডান হাতে। এত কাজ করতে করতে স্বভাবতই হাঁপিয়ে ওঠে ডান হাত। তাই এই হাতকে বিশ্রাম দিতেই বাঁ দিকে বসে গাড়ি চালানোর উপযোগী নকশা করা হয়েছে। এখানে অন্য কিছু ভাবার অবকাশ নেই।
মন্তব্য: তাহলে তো আমরা অনেক সব্যসাচী মানুষ পেতে যাচ্ছি। দেশের দ্রুত উন্নতির জন্য সব্যসাচী কিছু মানুষেরই এখন দরকার।