বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকা : মাসুক হেলাল
আকা : মাসুক হেলাল

কাঁকনমালা আর কাঞ্চনমালা

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করা হলো।

প্রশ্ন: কাঁকনমালা কাঞ্চনমালার মালির সঙ্গে কেমন আচরণ করে? কেন করে?
উত্তর: হাতের কাঁকন দিয়ে কেনা দাসী কাঁকনমালার কাছে গায়ের গয়নাগুলো রেখে কাঞ্চনমালা নদীতে ডুব দিতে যায়। এই সুযোগে, চোখের পলকে কাঁকনমালা রানির সব গয়না এবং ঘাটে রাখা রানির শাড়ি পরে নকল রানি সেজে যায়। নকল রানি সেজেই কাঁকনমালা কাঞ্চনমালাকে দাসী হিসেবে দেখতে শুরু করে। কাঞ্চনমালার সঙ্গে দাসীর মতো আচরণ করে। কাঞ্চনমালাকে দিয়ে রাজবাড়ির সব কাজকর্ম করায়। নকল রানি সেজে কাঁকনমালা অহংকারী হয়ে ওঠে। সবাইকে বোঝাতে চায় যে সে-ই আসল রানি, আর কাঞ্চনমালা হলো তার দাসী।

প্রশ্ন: অচেনা লোক কীভাবে সুচরাজা ও কাঞ্চনমালাকে উদ্ধার করে?
উত্তর: ছড়ার ছন্দে অচেনা লোকটি যখন অনেক সুচ চাইতে থাকে, তখন কাঞ্চনমালা তাকে সুচ দেওয়ার কথা বলে। লোকটিও সুচ নেওয়ার জন্য কাঞ্চনমালার সঙ্গে যায়। যেতে যেতে কাঞ্চনমালা তার কাছে তার দুঃখের কাহিনি বলে। সব শুনে লোকটি রাজপুরীতে এসে সুচ প্রসঙ্গে না গিয়ে কৌশলে নকল রানি কাঁকনমালা আর আসল রানি কাঞ্চনমালাকে পিঠা বানাতে ফরমাশ দেয়। কাঁকনমালার পিঠা হয় বিস্বাদ। আর কাঞ্চনমালার পিঠা হয় সুস্বাদু। একইভাবে কাঁকনমালা আর কাঞ্চনমালা উঠানে নকশা আঁকতে যায়। কাঁকনমালার নকশা হয় আজেবাজে। আর কাঞ্চনমালার নকশা হয় চোখজুড়ানো। তখন সবাই বুঝতে পারে, কে আসল আর কে নকল রানি।

ধরা পড়ে গিয়ে কাঁকনমালা জল্লাদকে হুকুম দেয় অচেনা লোক আর কাঞ্চনমালার গর্দান নিতে। তাদের ধরতে আসার আগেই অচেনা লোকটি মন্ত্র পড়ে সুতা দিয়ে জল্লাদকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে। তারপর মন্ত্রবলে রাজার শরীর থেকে সব সুচ বেরিয়ে এসে নকল রানির চোখে-মুখে বিঁধে যায়। এভাবে অচেনা লোকটি সুচরাজা ও কাঞ্চনমালাকে উদ্ধার করে।

প্রশ্ন: কাঞ্চনমালা কী কী পিঠা বানায়?
উত্তর: অচেনা লোকটির ফরমাশে কাঁকনমালা ও কাঞ্চনমালা নানা ধরনের পিঠা বানায়। কাঞ্চনমালার তৈরি পিঠাগুলো হলো চন্দ্রপুলী, মোহন বাঁশী, ক্ষীর মুরলি।

প্রশ্ন: কার আলপনা দেওয়া ভালো হয়েছিল? কেন?
উত্তর: কাঞ্চনমালার আলপনা দেওয়া ভালো হয়েছিল। কারণ, কাঞ্চনমালা হলো সত্যিকারের রানি। আর সত্যিকারের রানির রুচিবোধ সৌন্দর্যবোধ ও শৈল্পিক গুণাবলি স্বাভাবিকভাবেই দাসীর রুচিবোধের চেয়ে অনেক গুণ বেশি। কাঁকনমালার খাবলা খাবলা রং লেপা কোনো আলপনার পর্যায়েই পড়ে না। আর কাঞ্চনমালার পদ্মলতা, সোনার সাতকলস, ধানের ছড়া, ময়ূর-পুতুলের আলপনা ছিল দৃষ্টিনন্দন ও আকর্ষণ।

প্রশ্ন: কীভাবে লোকেরা নকল রানিকে বুঝে ফেলল?
উত্তর: অচেনা লোকটির ফরমাশে কাঁকনমালা আর কাঞ্চনমালা পিঠা তৈরি করে আর উঠানে আলপনা আঁকে। কাঁকনমালার তৈরি পিঠা ছিল বিস্বাদ এবং আলপনা আঁকা ছিল অসুন্দর। অন্যদিকে, কাঞ্চনমালার তৈরি পিঠা ছিল সুস্বাদু এবং আলপনা আঁকাও ছিল চমৎকার। দুজনের পিঠা তৈরি ও আলপনা আঁকার ধরন দেখে লোকেরা বুঝে ফেলল, কে আসল রানি আর কে দাসী।

প্রশ্ন: রাজা কীভাবে তার প্রতিজ্ঞা পালন করল?
উত্তর: অচেনা লোকটি কৌশলে রাজার সব সুচ নকল রানির গাঁয়ে বিঁধিয়ে দেওয়ার পর রাজা চোখ মেলে। অনেক বছর পর রাজা দেখে সূর্যের আলো, সবুজ পাতা আর সামনে সেই অচেনা লোকটিকে। একনজরেই রাজা চিনতে পারে, লোকটি আর কেউ নয়, রাজার ছেলেবেলার রাখাল বন্ধু। সঙ্গে সঙ্গে ছেলেবেলার প্রতিজ্ঞার কথাও তার মনে পড়ে যায়। রাখাল বন্ধুকে দুহাতে জড়িয়ে ধরে রাজা তার ভুলের জন্য ক্ষমা চাইল। সেদিন থেকে রাখাল বন্ধুকে মন্ত্রী বানিয়ে রাজা তার প্রতিজ্ঞা পালন করল।

সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল