বাংলা ই-বইয়ের নতুন বাজার

স্মরণ করা যেতে পারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের কথা। যিনি বেড়ে উঠেছিলেন প্রবল দারিদ্র্যের ভেতর দিয়ে। স্বশিক্ষিত এই লোকটি সামান্য সঞ্চয়ের বই থেকে জীবনের অনেক পাঠ নিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাও বলা যেতে পারে। তাঁদের জ্ঞানপিপাসা মিটিয়েছিল কাগজে ছাপা বই! অবশ্য বলা যেতে পারে, লিংকন কিংবা বিদ্যাসাগরের যুগ নয় এটি। তথ্যপ্রযুক্তির ওপর ভর করে পৃথিবী এখন এগিয়ে চলেছে। একুশ শতকের এই প্রবণতার প্রবাহে মানুষকে ‘ডিজিটাল যন্ত্র’ গ্রহণ করতে হচ্ছে। বদলে যাচ্ছে পড়াশোনার মাধ্যম ও উপাদান। ডিজিটাল যন্ত্রে (ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার কিংবা স্মার্টফোন) ই-বই পড়ার জন্য প্রযুক্তির বিশেষ এক উদ্ভাবন।
ই-বই বলতে বোঝায় ইলেকট্রনিক বুক বা ডিজিটাল বই, অথবা সাধারণ যেকোনো বইয়ের ডিজিটাল সংস্করণ। একটি ডিজিটাল যন্ত্র ও ইন্টারনেট সংযোগ পাঠকের সামনে খুলে দেয় বিশাল বইয়ের জগৎ।
বাংলা বইয়ের ইলেকট্রনিক সংস্করণ নিয়ে ২২ জানুয়ারি চালু হয়েছে ‘বেঙ্গল ই-বই’ নামে বাংলা ই-বইয়ের ওয়েব বাজার। এটি চালু করেছে বেঙ্গল পাবলিকেশনস। কারিগরি সহায়তা দিচ্ছে ব্লুজ কমিউনিকেশনস।
‘বইমেলা শুরু হলেই বিদেশে থাকা আত্মীয়স্বজনদের জন্য বই পাঠাতে হতো। ইচ্ছা থাকলেও সব সময় খুব বেশি বই পাঠানো সম্ভব হয়নি। প্রবাসে বেড়ে ওঠা আত্মীয়রা যখন বাংলা বই পড়তে পারত না, তা জেনে খুব খারাপ লাগত। আর সেখান থেকে আগ্রহ জন্মে এ কাজের প্রতি।’ কথাগুলো ব্লুজ কমিউনিকেশনসের প্রধান নির্বাহী ফরহাদুল ইসলামের।
‘বেঙ্গল ই-বই’ নামের ওয়েবসাইটটি শুরুতেই এনেছে ৯০টি বাংলা ই-বই। বেঙ্গল ই-বইয়ের পরিকল্পনা সমন্বয়ক পাভেল মুহিতুল আলম বলেন, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা সাহিত্যানুরাগীদের কাছে সহজে বাংলা সাহিত্যসম্ভার পৌঁছে দিতে আমাদের এ উদ্যোগ।
উদ্যোক্তারা জানিয়েছেন, ই-বইয়ের বাজারে লেখকের কপিরাইট লঙ্ঘনের যে আশঙ্কা থাকে, সেটি থাকছে না তাঁদের কার্যক্রমে। চিরায়ত বই ছাড়া সব বইয়ের কপিরাইট নিয়ে বই বিক্রি করবেন তাঁরা। আরও জানান, বাংলা ই-বইয়ের পাশাপাশি অডিও ই-বুক নামের একটি প্রকল্প নিয়ে কাজ করছেন তাঁরা। এটি মূলত শুদ্ধ উচ্চারণে বইটি পড়ে শোনাবে। তাঁদের কাছ থেকে নেওয়া বই সব ধরনের যন্ত্রে পড়ার উপযোগী। ফ্রন্ট ভেঙে যাওয়া কিংবা পড়ার সময় কারিগরি ত্রুটির সম্ভাবনা নেই বলে জানান। সাইটটি থেকে ই–বই যেমন কিনে পড়া যাবে, তেমনি বিনা মূল্যেও পাওয়া যাবে কিছু বই।
ই-বই নিতে হলে www.bengaleboi.com ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। তার আগে অবশ্য কিছু শর্তাবলি ও নিয়মাবলি মেনে নিতে হবে। এখন পর্যন্ত ৩০টি বিভাগের বই পাওয়া যাচ্ছে এতে। ই-বইয়ের মূল্য পরিশোধ করা যাবে বিভিন্ন ব্যাংকিং কার্ড, বিকাশ, ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন মাধ্যমে।
‘আমরা আশা করছি ভবিষ্যতে এ ওয়েবসাইটটি হবে বাংলা বইয়ের সর্ববৃহৎ ভান্ডার। যেখানে আমরা প্রতিটি বাংলা বইকে ই-বই আকারে সংরক্ষণ করতে চাই।’ বেঙ্গল ই-বইয়ের ভবিষ্যৎ লক্ষ্য এটি বলে জানান ফরহাদুল ইসলাম।