বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাট হলেন বেলায়েত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে বাংলা ভাষায় সবচেয়ে বড় বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার নতুন ব্যুরোক্র্যাট হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকার বেলায়েত হোসেন। তিনি বাংলা উইকিপিডিয়ার তৃতীয় ব্যুরোক্র্যাট হিসেবে দায়িত্ব পালন করবেন। সম্প্রতি তিনি উইকিপিডিয়ার কারিগরি দিকের সর্বোচ্চ এ পদে নির্বাচিত হয়েছেন। এ পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায়২৪ হাজার সম্পাদনা করেছেন বেলায়েত হোসেন।তিনি বাংলা উইকিপিডিয়াতে কাজ শুরু করেন ২০০৬ সালে। ব্যুরোক্র্যাট হওয়ার আগে ২০০৬ সাল থেকে তিনি প্রশাসক হিসেবে কাজ করেন। বাংলা উইকিপিডিয়া ছাড়াও তিনি উইকিপিডিয়ার সহ-প্রকল্প উইকিসোর্সের (http://bn.wikisource.org) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।এ ছাড়াও তিনি উইকি কমনস (http://commons.wikimedia.org), ট্রান্সলেট উইকি (http://translatewiki.net) প্রকল্পের সঙ্গেও জড়িত অনেক দিন ধরেই। ব্যুরোক্র্যাট দায়িত্ব পাওয়ার পর গতকাল প্রথম আলোকে তিনি জানান, ‘দীর্ঘদিন ধরেই উইকিপিডিয়া সমৃদ্ধ করার কাজ করে যাচ্ছি। বিশ্বজুড়ে যাতে সহজে বাংলা ভাষায় তথ্য পাওয়া যায় এবং বাংলাকে ছড়িয়ে দেওয়া যায় সে লক্ষ্যেই উইকিপিডিয়াতে কাজ করছি।’ ব্যুরোক্র্যাট হওয়ার ফলে দায়িত্ব বেড়ে গেল বলেও উল্লেখ করেন তিনি।দীর্ঘদিন ধরে বাংলা উইকিপিডিয়ার সঙ্গে যুক্ত বেলায়েত হোসেন নিবন্ধ যোগ আর সম্পাদনার পাশাপাশি উইকিপিডিয়ার বার্ষিক সম্মেলন উইকিম্যানিয়াতে ২০০৭, ২০০৯ ও ২০১০ সালে যোগ দিয়েছেন। বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাট বেলায়েত হোসেন বর্তমানে ঢাকার ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত। বিভিন্ন উইকিপিডিয়াতে অবদানের পাশাপাশি উইকিমিডিয়া কমনসে তাঁর পাঁচ হাজারের বেশি ছবি প্রকাশ করেছেন। —নুরুন্নবী চৌধুরী