বাংলা উইকিপিডিয়ার কর্মশালা
ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার এক যুগ পূর্তি উপলক্ষে ঢাকায় বাংলা উইকিপিডিয়ার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং উইকিমিডিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয় এ কর্মশালা। কর্মশালায় বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলা উইকিপিডিয়ার বর্তমান অবস্থা, নিবন্ধ যোগ করার পদ্ধতি, ছবি যোগ করা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় কর্মশালায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এতে।কর্মশালায় উপস্থিত ছিলেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, শেকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম জামাল উদ্দিন, গণিত অলিম্পিয়াডের কেন্দ্রীয় সার্কেল মুভার্স কাব্য আহমেদ, বিডিওএসএনের অনুষ্ঠান সমন্বয়ক প্রমি নাহিদ, আউটবাউন্ড ঢাকা সমন্বয়ক পার্থ সারথি কর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি হাসান মাহমুদসহ আরও অনেকে।কর্মশালা পরিচালনা করেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাসির খান সৈকত ও বিডিওএসএনের কোষাধ্যক্ষ নুরুন্নবী চৌধুরী হাছিব। কর্মশালায় বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘সবার অংশগ্রহণে সমৃদ্ধ হতে পারে বাংলা উইকিপিডিয়া। বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের।’ বিডিওএসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এ ধরনের আরও কর্মশালা অনুষ্ঠিত হবে। আগ্রহীদের যোগাযোগের জন্য মেইল অ্যাড্রেস [email protected]