বাংলা উইকিপিডিয়ার কর্মশালা অনুষ্ঠিত
বিশ্বের সবচেয়ে বড় বাংলা অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াকে (http://bn.wikipedia.org) সমৃদ্ধ করার আহ্বান জানিয়ে গতকাল ঢাকায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) আয়োজনে জামিল সারওয়ার ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় বাংলা উইকিপিডিয়ার গুরুত্ব, এতে কীভাবে সম্পাদনা করতে হয়, ছবি যোগ করতে হয়, বিশ্বকোষীয় ভুক্তি লেখার ধরন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। কর্মশালা পরিচালনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, উইকিপিডিয়ান তানভীর ও নাসির খান। কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক বেলায়েত হোসেন, উইকিপিডিয়ান মাহে আলম খান, সাবিলা ইনুন, আলোকচিত্রী শামীমসহ অনেকে। কর্মশালায় বাংলা উইকিপিডিয়ায় নির্বাচিত নিবন্ধের সংখ্যা বৃদ্ধি, বাংলাদেশসংক্রান্ত বিভিন্ন নিবন্ধ, বিজ্ঞান ও গণিতের নিবন্ধসমূহের মানোন্নয়নের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। ১০ আগস্ট বন্দর নগর চট্টগ্রাম একই বিষয়ে আরেকটি কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। —নুরুন্নবী চৌধুরী