বাংলা উইকিপিডিয়ার দশম প্রশাসক নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে বাংলা ভাষায় সবচেয়ে বড় বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার নতুন প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকার নাসির খান। ১ নভেম্বর থেকে তিনি বাংলা উইকিপিডিয়ার দশম প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।বাংলা উইকিপিডিয়া ছাড়াও উইকিমিডিয়া কমনসসহ উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পে সক্রিয় নাসির। শুধু বাংলা উইকিপিডিয়াতে নতুন নতুন নিবন্ধ যোগ বা সম্পাদনা করাই নয়, নাসির খান ২০১০ সালে পোল্যান্ডে উইকিম্যানিয়া, ২০১১ সালে ভারতে উইকি সম্মেলন ও চলতি বছরের জুনে উইকিপিডিয়ার প্রোগ্রামারদের সমাবেশ বার্লিন হ্যাকাথনে অংশ নেন।প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর নাসির খান প্রথম আলোকে জানান, বাংলা উইকিপিডিয়ায় (http://bn.wikipedia.org) সাধারণ ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ভিত্তিক নিবন্ধের মান উন্নয়ন এবং নতুন নিবন্ধ তৈরি করে থাকেন। প্রশাসকেরা উইকিপিডিয়ার প্রশাসন ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন। উইকিপিডিয়ার নিয়ম-নীতি, শৃঙ্খলা বজায় রাখেন প্রশাসকেরা।নাসির খান বাংলা উইকিপিডিয়ায় বাংলা ভাষা আন্দোলন, বাংলাদেশ সামরিক বাহিনী, বাংলাদেশের মুক্তিযোদ্ধা ইত্যাদি বিষয়সংশ্লিষ্ট নিবন্ধ, টেম্পলেট ও আনুষঙ্গিক পাতা তৈরি এবং মান উন্নয়নে কাজ করে চলেছেন। তিনি বলেন, ‘প্রশাসক হওয়ার আগে থেকেই উইকিপিডিয়ার ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক বেশ কিছু এক্সটেনশন ও গেজেট সংযোজনের কাজ শুরু করেছি। বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর তালিকা সমন্বয়ের কাজের পাশাপাশি স্থানগুলোর তথ্য ও ছবি সংগ্রহের প্রকল্প শুরু করব।’বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাসির খান বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে পড়াশোনা করছেন তিনি। নাসির খান উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশের কমিটির সদস্য। বিভিন্ন উইকিপিডিয়াতে নাসির খানের অবদানের সংখ্যা নয় হাজারের বেশি। এ ছাড়া তিনি উইকিমিডিয়া কমনসে তাঁর দেড় হাজারের বেশি ছবি প্রকাশ করেছেন। —বায়েজিদ ভূঁইয়া