বাংলা উইকিসংকলনে পাঁচ হাজার নিবন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটভিত্তিক সবচেয়ে সমৃদ্ধ বিশ্বকোষ উইকিপিডিয়ার সহযোগী প্রকল্প বাংলা উইকিসংকলনের নিবন্ধের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। বাংলা ভাষার সবচেয়ে বড় তথ্যভান্ডার বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি উইকিসংকলন একটি অনলাইন পাঠাগার, যেখানে রয়েছে মুক্ত প্রকাশনা। স্বেচ্ছাসেবকেরাই এর নিবন্ধ সংগ্রহ এবং রক্ষণাবেক্ষণ করে।বর্তমানে উইকি সংকলনে পাঁচ হাজার দুটি নিবন্ধ রয়েছে। বাংলা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবক (উইকিপিডিয়ান) বেলায়েত হোসেন প্রথম আলোকে জানান, বাংলা ভাষার সেই সব সাহিত্যকর্ম উইকিসংকলনে যোগ করা যাবে, যার রচয়িতার মৃত্যুর ৬০ বছর পার হয়েছে বা তাঁর লেখা পাবলিক ডোমেইনের আওতায় চলে এসেছে। এর আওতায় যেকোনো গান, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণকাহিনি, দলিলাদি, পুরাণ, ধর্মীয় গ্রন্থ, চিঠি, ভাষণ ইত্যাদি যোগ করা যাবে। মূল লেখা বাংলা ভাষায় না হলেও এর বাংলা অনুবাদ করে যোগ করা যাবে বলে জানিয়েছেন তিনি। বেলায়েত হোসেন বলেন, বিনা মূল্যে ইন্টারনেটে পাঠকেরা যাতে সহজে এসব সাহিত্যকর্ম পড়তে পারে, সে জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।বর্তমানে এতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, রমেশচন্দ্র দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত, কালিদাসসহ বাংলা সাহিত্যের বিখ্যাত ব্যক্তিদের রচনাবলী। বিশ্বের ৫৬টি ভাষায় রয়েছে উইকিসংকলন, যার মধ্যে ভুক্তির দিক দিয়ে বাংলা উইকিসংকলনের বর্তমান অবস্থান ২১তম। উন্নত একটি বাংলা সাহিত্যে অনলাইন পাঠাগার গড়ে তুলতে স্বেচ্ছাসেবী যে কেউ পাবলিক ডোমেইনের আওতাভুক্ত সাহিত্যকর্ম যোগ করতে পারেন উইকিসংকলনে। বিস্তারিত জানা যাবে http://bn.wikisource.org ঠিকানার ওয়েবসাইটে। —নুরুন্নবী চৌধুরী