বাংলা একাডেমির ওয়েবসাইটে বইমেলার তথ্য যোগ হয়েছে
বাংলা একাডেমির ওয়েবসাইটে (www.banglaacademy.org.bd) অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-এর কিছু তথ্য যোগ হয়েছে। আরও তথ্য যোগ করার কাজ চলছে। ১৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘বাংলা একাডেমির ওয়েবসাইটে বইমেলার কোনো তথ্য নেই’ শিরোনামের খবর প্রকাশের পর কর্তৃপক্ষ সাইটটির তথ্য হালনাগাদ করার উদ্যোগ নেয়।
এ ব্যাপারে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান গতকাল বুধবার বলেন, ‘এখন প্রতিদিনই তথ্য হালনাগাদ করা হচ্ছে। আশা করছি আগামী দুই দিনের মধ্যে অনেক তথ্যই হালনাগাদ হবে।’ এত দিন হালনাগাদ না করার ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের নিজেদের কোনো কর্মী না থাকায় আমরা যাঁকে দায়িত্ব দিয়েছিলাম, তিনি সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারেননি, তাই এমন অবস্থা ছিল।’
গতকাল রাতে ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, এবারের বইমেলায় প্রকাশিত ২৯৮টি প্রকাশিত বইয়ের তথ্য যোগ করা হয়েছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তথ্য হালনাগাদ করা হয়েছে, তবে আগের বছরগুলোর তালিকা সেখানে এখন নেই। —রাহিতুল ইসলাম