বাংলা ওয়েব পোর্টালে বিনিয়োগ করল ফেনক্স
২০১১ সালে চালু হওয়া বাংলা ওয়েব পোর্টাল প্রিয় ডটকমে ১০ লাখ ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল। সোমবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে প্রিয় ডটকম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনের অতিথি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘মানুষ যখন পাথরে লিখত, তখন সেটাই ছিল বই। যখন গাছের বাকলে লিখেছে, তখনো সেটাই বই। এখন ডিজিটাল যুগ, ডিজিটাল মাধ্যমে লেখা বই জনপ্রিয় হচ্ছে।’
সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের ভাইস প্রেসিডেন্ট কাইল ক্লিং, মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির, অভিনেতা আফজাল হোসেন, প্রিয় ডটকমের সহপ্রতিষ্ঠাতা মুশফিকুর রহমানসহ অনেকে।
প্রিয় ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া স্বপন জানালেন, ‘প্রতিদিন দেশে ও বিদেশে থেকে গড়ে প্রায় ৩০ লাখ বার দেখা হয় প্রিয় ডটকম। ফেনক্স ক্যাপিটালে সঙ্গে আমাদের যাত্রা শুরু হলো।’ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে নতুন ব্যবসায় উদ্যোগে (স্টার্টআপ) ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা আছে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের।
একই আয়োজনে প্রিয় উত্তর নামে নতুন একটি বিভাগ চালুর ঘোষণা দেয় প্রিয় ডটকম।—মেহেদী হাসান