বাংলা নববর্ষে উৎসবমুখর ওয়েব জগৎ
১ বৈশাখ ১৪১৭। বাংলা নববর্ষের শুভ সূচনার দিন। আজ উৎসবে মেতে উঠবে বাঙালি। শুধু বাস্তবের নানা আয়োজন নয় ভার্চুয়াল জগতও আজ মেতে উঠবে নববর্ষের উৎসবে। ইন্টারনেটের অনেক ওয়েবসাইট এরই মধ্যে ১ বৈশাখ নিয়ে করেছে নানা আয়োজন। সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে (www.facebook.com) খোলা হয়েছে একাধিক গ্রুপ। পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ইত্যাদি নামে থাকা এসব গ্রুপে পহেলা বৈশাখের নানা তথ্য, ছবি রয়েছে। কোথায় কী হচ্ছে সেসবেরও কিছু খোঁজখবর পাওয়া যাবে ফেসবুকের নানা ‘ইভেন্ট’-এ। ওয়েব দুনিয়ায় বাংলা ব্লগসাইটগুলো এখন বেশ সরব।নববর্ষের তাত্ক্ষণিক অনুভূতি, নিজের তোলা ছবি অনেকেই প্রকাশ করবেন ব্লগসাইটগুলোতে।এসব সাইটে নিজের অভিজ্ঞতাও বর্ণনা করা যাবে। ব্লগসাইটগুলোর মধ্যে আছে সামহোয়্যার ইন ব্লগ (www.somewhereinblog.net), প্রথম আলো ব্লগ (www.prothom-aloblog.com), আমার ব্লগ (www.amarblog.com), আমরা বন্ধু (www.amrabondhu.com), সচলায়তন (www.sachalayatan.com) ইত্যাদি। বাংলাদেশি আরও অনেক সাইটে আছে নানা আয়োজন। বাংলাদেশ ইনফো ডটকম (www.bangladeshinfo.com) নববর্ষ উপলক্ষে বিশেষ বৈশাখী আয়োজন করেছে। এতে থাকছে বৈশাখী ফ্যাশন, বৈশাখী কার্ড, প্রদর্শনীর খবর, বৈশাখী গয়না, বৈশাখী সাজ, নতুন গল্প ও বৈশাখী রেসিপি। এ ছাড়া থাকছে বৈশাখ উপলক্ষে বিভিন্ন তারকার খবর। ওয়েব বাংলাদেশ (www.webbangladesh.com) বাংলা নতুন বছর উপলক্ষে বিভিন্ন কেনাকাটার ব্যবস্থা করেছে তাদের সাইটে। বৈশাখী কার্ড বিভাগে থাকছে বেশ কিছু আকর্ষণীয় নববর্ষের কার্ড। বাংলা ২০০০ (www.bangla2000.com) ওয়েবসাইট থেকে নববর্ষ উপলক্ষে প্রিয়জনদের ই-কার্ড পাঠানোর সুযোগ রয়েছে। (www.homeviewbangladesh.com) বৈশাখের প্রথম দিন উপলক্ষে বিভিন্ন কেনাকাটার ব্যবস্থা করেছে তাদের সাইটে। বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানের খবরাখবর পাওয়া যাবে হটঢাকা (www.hottdhaka.com) সাইটে। —সুমন পাটোয়ারী