বাংলা ব্রেইলে বেরোল ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’
বাংলা ব্রেইল সফটওয়্যারে লেখা ও ছাপা মুক্তিযুদ্ধের একটি বই প্রকাশিত হয়েছে গত রোববার। এটি মুহম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধের ইতিহাস। রোববার অমর একুশে গ্রন্থমেলার মূল মঞ্চে এই বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক সামসুজ্জামান খান। এ সময় তিনি বলেন, ‘এবারের গ্রন্থমেলায় দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য মুক্তিযুদ্ধের বই ব্রেইলে প্রকাশিত হয়েছে জেনে আমি আনন্দিত। এবারই দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রথম ব্রেইল কর্নার নামের একটি আলাদা স্টল মেলায় রয়েছে।’বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘ফেরদৌসী মজুমদারের লেখা কিশোর উপন্যাস নূরী কাহিনী এ বছর কিশোর পুরস্কার পেয়েছে। লেখকের পক্ষে তিনি এই বইটি ব্রেইলে রূপান্তর করার অনুমতি প্রদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ব্রেইল সফটওয়্যারের নির্মাতা আহমেদ ইমতিয়াজ খান, ওসমান গণি, মাহবুব-উল-ইসলাম, সামিউল আযম ও তাঁদের প্রকল্পের তত্ত্বাবধায়ক সৈয়দ আখতার হোসেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের সাংস্কৃতিক সংগঠন প্রেরণার সংগঠক নাজিয়া জাবিনসহ আরও অনেকে। আহমেদ ইমতিয়াজ খান বলেন, ‘নিজেদের তৈরি সফটওয়্যারে মুক্তিযুদ্ধের বই প্রকাশ করতে পেরে খুবই আনন্দ লাগছে। তবে আরও বেশি ভালো লাগবে, যদি এই বইগুলো পড়ে দৃষ্টিপ্রতিবন্ধীরা উপকৃত হয়।’ বাংলা ব্রেইল সফটওয়্যারের প্রকাশিত মুক্তিযুদ্ধের ইতিহাস বইটির ৫০ কপি প্রেরণাকে দেওয়া হয়। —মোছাব্বের হোসেন