বাংলা ব্লগে দিনটি ছিল বঙ্গবন্ধুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ১৫ আগস্ট ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এই দিনে সপরিবারে নিহত হন তিনি। দিনভর নানা আয়োজনে উদ্যাপিত হয় জাতীয় শোক দিবস। থেমে ছিল না ভার্চুয়াল দুনিয়াও, বিশেষ করে বাংলা ব্লগসাইটগুলো। বাংলা ব্লগ ছাড়াও সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইটেও ছিল ১৫ আগস্ট ও বঙ্গবন্ধুকে নিয়ে নানা ধরনের স্ট্যাটাস, নোট ইত্যাদি। ‘হয়তো তিনি আজ নেই। আসবেন না ফিরে জানি। তবু কেন আমরা তাঁকে ভাবি। কেন বারবার শোকাশ্রু ফেলি তাঁর জন্য। কারণ তিনি মহানায়ক বাঙালি আর বাংলাদেশের রাষ্ট্র অভ্যুদয়ের। শেখ মুজিবুর রহমান একটি নাম, একটি ইতিহাস।’ এমনই কথা ছিল প্রথম আলো ব্লগের (www.prothom-aloblog.com) সঞ্চালক নির্বাচিত লেখাটিতে। এটি ছাড়াও এ ব্লগে ছিল বঙ্গবন্ধুর ছবিসহ বিভিন্ন বিষয় নিয়ে লেখা। আমার ব্লগে (www.amarblog.com) ছিল বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ লেখা (পোস্ট)। একই অবস্থা ছিল অন্যান্য ব্লগেও। তবে শুধু পোস্টই নয়, আমার ব্লগের পাশাপাশি আমরা বন্ধু ব্লগ (www.amrabondhu.com) এবং সচলায়তন ব্লগের (www.sachalayatan.com) পুরো ব্লগ ব্যানার ছিল বঙ্গবন্ধুকে নিয়ে। এ দিন উপলক্ষে ব্লগ ব্যানার সাজানো হয়েছে বিশেষভাবে। ব্যানারগুলো সাজানো ছিল ‘ঘাতকের বুলেট গেঁথে আছে কোটি বাঙালির হূদয়ে’ এমন নানা কথায়। দিনভর বাংলা এসব ব্লগে ছিল বঙ্গবন্ধুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আর নানা তথ্য। শুধু ছবি নিয়ে অনেকেই দিয়েছেন ছবি ব্লগ পোস্ট। জনপ্রিয় বাংলা ব্লগ সামহোয়ারইন ব্লগে (www.somewhereinblog.net) বিশেষ কোনো আয়োজন না থাকলেও বেশ কয়েকজন ব্লগার লিখেছেন বঙ্গবন্ধুকে নিয়ে। সব মিলিয়ে বাস্তবের পাশাপাশি ভার্চুয়াল দুনিয়ায় বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন ব্লগারসহ ইন্টারনেট ব্যবহারকারীরা। —নুরুন্নবী চৌধুরী