বাংলা ভাষার উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৩৫ কোটি মানুষ বর্তমানে বাংলা ভাষায় কথা বললেও তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার এখনো সব ক্ষেত্রে চালু হয়নি। এ জন্য সরকার, গবেষক, তথ্যপ্রযুক্তিবিদ ও ভাষাবিদদের একসঙ্গে কাজ করা প্রয়োজন। ‘তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা ব্যবহার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে আলোচকেরা এ কথা বলেন। গত মঙ্গলবার রাজধানীর আইসিটি টাওয়ারে এ সেমিনারের আয়োজন করে সরকারের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প।
এ দিন সেমিনারের তিনটি অধিবেশেন দেশের গবেষক, ভাষাবিদ ও কম্পিউটার প্রকৌশলীরা বক্তৃতা করেন এবং পরামর্শ দেন। সকালে সেমিনারের উদ্বোধন করেন সংসদ সদস্য কাজী রোজী। এ সময় তিনি তথ্যপ্রযুক্তি জগতে বাংলা ভাষাকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। এরপর দুটি কারিগরি অধিবেশন সঞ্চালনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এবং বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার।
সেমিনারে জানানো হয়, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় মোট ১৬টি টুলস তৈরি করা হবে। এগুলো হলো বাংলা করপাস, বাংলা ওসিআর, বাংলা স্পিচ টু টেক্সট এবং টেক্সট টু স্পিচ, জাতীয় কি-বোর্ডের আধুনিকায়ন, বাংলা স্টাইল গাইড উন্নয়ন, বাংলা ফন্টের ইন্টার অপারেবিলিটি ইঞ্জিন, বাংলা ভাষার জন্য কমন ডেটা রিপোসিটরি (সিএলডিআর) উন্নয়ন, বাংলা বানান ও ব্যাকরণ পরীক্ষক, বাংলা মেশিন ট্রান্সলেটর তৈরি, স্ক্রিন রিডার সফটওয়্যার, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সফটওয়্যার তৈরি, সেন্টিমেন্ট (ভাব) উন্নয়ন বিশ্লেষণ টুলস, ক্ষুদ্র জাতিসত্তার ভাষাভাষীদের জন্য প্রমিত কি-বোর্ড, বাংলা আইপিএ ফন্ট বানানো, জনপ্রিয় বাংলা ওয়েবসাইট বিভিন্ন ভাষায় অনুবাদকরণ এবং মাল্টি লিংগুয়্যাল কনটেন্ট প্রসেসিং টুলস। বিজ্ঞপ্তি