বাংলা ভাষায় ব্র্যাকের ওয়েবসাইট
ব্র্যাকের ওয়েবসাইটের সব তথ্য পাওয়া যাবে বাংলায়। আর্থসামাজিক ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার ও আইনি সহায়তা, কৃষি ও খ্যাদ্যের নিরাপত্তা, পরিবেশগত দায়িত্বশীলতা, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিসহ বিশ্বব্যাপী ব্র্যাকের কর্মসূচির বিস্তারিত www.brac.net.bd ঠিকানার ওয়েবসাইটে বাংলায় পাওয়া যাবে। আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই সাইট চালু করা হয়।ঢাকার ব্র্যাক সেন্টারে গতকাল বুধবার নতুন এই ওয়েবসাইটের উদ্বোধন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। এ সময় উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। বাংলা সাইটের উদ্বোধন উপলক্ষে শাইখ সিরাজ বলেন, ‘পেশাগত কাজের জন্য আমাকে গ্রামে যেতে হয়। আমি দেখেছি, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ব্র্যাকের কার্যক্রম বিস্তৃত। সেই জায়গাগুলোতে তথ্যসেবার ক্ষেত্রে এই বাংলা ওয়েবসাইট বিশেষভাবে কাজে লাগবে।’নিজেদের এই ওয়েবসাইট সম্পর্কে সিনিয়র কমিউনিকেশন ডিরেক্টর আসিফ সালেহ বলেন, ‘ব্র্যাকের কার্যক্রম শুধু বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে নয়, আমাদের কার্যক্রমের মূল অংশজুড়ে রয়েছে দেশের পিছিয়ে পড়া মানুষ। আশা করছি, নতুন এই ওয়েবসাইট তাদের সঙ্গে যোগাযোগের নতুন মাত্রা যুক্ত করবে।’আসিফ সালেহ আরও জানান, এই ওয়েবসাইট থেকে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রমের আলোকচিত্র, ভিডিওচিত্র, ব্র্যাকের বিভিন্ন চাকরির খবর, দেশের বাইরে ব্র্যাকের বিভিন্ন অঞ্চলের কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়া যাবে। —রাকিব মোজাহিদ