বাংলা সিনেমায় যা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

*  ভিলেনরা নায়িকাদের নাচ দেখতে পছন্দ করে। নায়িকারা যখন ভিলেনের হাতে বন্দী থাকে তখন ভিলেনের নাচ দেখতে ইচ্ছা করে। নাচ শুরু করার সময় নায়িকার আগের ছেঁড়াফাটা ড্রেসটা গায়েব হয়ে একটা জমকালো টাইপের ড্রেস গায়ে চলে আসে। নায়িকা বিদ্রোহী টাইপের একটা গান গাইতে গাইতে নাচতে থাকে। গানটা বিদ্রোহী হলেও ভিলেন খুব উপভোগ করে নায়িকাকে সঙ্গ দেয়। আর নাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় তুমুল মারামারি।
*  পার্শ্বচরিত্রের কেউ কেউ গুলি খায় বা কোনো কারণে মৃত্যুর মুখে ঢলে পড়ে। মৃতপ্রায় অবস্থায় তখন তাকে সবাই ঘিরে দাঁড়ায়। নায়ক বলে, ‘আমি তোমাকে মরতে দেব না।’ মৃত্যুপথযাত্রী বলে ওঠে, ‘ওরে না! আমার সময় শেষ হয়ে এসেছে।’ এরপর সে আরও কিছু আবেগময় বার্তা দিয়ে শেষনিশ্বাস ত্যাগ করে। দুঃখের ব্যাপার, এতগুলো মানুষের মধ্যে কেউই তাকে একফোঁটা পানি পান করায় না!
*  সব ভিলেনের একটা করে গুপ্ত আস্তানা থাকে। ভিলেন ছবির শেষ পর্যায়ে নায়কের পুরো পরিবারের সঙ্গে নায়িকাকেও তুলে নিয়ে আসে। এই‌ আস্তানা সবাই না চিনলেও হঠাৎ এক সাপোর্টিং ক্যারেক্টার বলে ওঠে, ‘আমি জানি, ওকে কোথায় পাওয়া যাবে।’
*  ভিলেনের আস্তানায় প্রচুর ড্রাম, টিনের অথবা কাঠের বাক্স থাকে। সেগুলো সাধারণত খালিই থাকে। মারামারির বিভিন্ন পর্যায়ে গুন্ডা বাহিনী এই ড্রাম আর বাক্সগুলোর ওপর আছড়ে পড়তে পছন্দ করে।
৫. সবচেয়ে অদ্ভুত ব্যাপার, অনেকক্ষণ মারামারি করার পর নায়ক আর মূল ভিলেন যখন মুখোমুখি, তখন দুজনেরই পিস্তলের বুলেট শেষ হয়ে যায়!
*  বাংলা সিনেমায় শেষ ফাইটিং দৃশ্যে নায়ক নিজ হাতে‌ কমপক্ষে ৩০ জন দুধভাত টাইপের গুন্ডাকে খুন করে। মূল ভিলেনকে‌ হাতের কাছে পাওয়ার সঙ্গে সঙ্গে খুন করার কোনো নিয়ম নেই। নিয়ম হলো, মূল ভিলেনকে হাতের কাছে পেয়ে আগে ইচ্ছেমতো ধোলাই দিয়ে আধমরা করা। এরপর‌ যখন‌ ভিলেনকে গুলি করার জন্য নায়ক পিস্তল সামনে ‌ধরবে তখন পুলিশ এসে দুবার ঢিশিআআ ঢিশিআআ করে রিভলবারের গুলি‌ ছুড়ে বলবে, ‘আইন নিজের‌ হাতে তুলে নেবেন না!’

*  বাংলা সিনেমায় পুলিশের আগমন কেন মারামারির পরে হয় সেটা নিয়ে চিন্তা করতে করতে অনেকে নিজের চুল পাকিয়ে ফেলেছেন।

*  বেশির ভাগ বাংলা সিনেমা শেষ হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে।