বাংলা হচ্ছে খান একাডেমির শিক্ষা উপকরণ
দেশের শিক্ষার্থীদের জন্য খান একাডেমির শিক্ষা উপকরণ বা ভিডিওগুলোকে বাংলায় ডাবিংয়ের কাজ শুরু করছে গ্রামীণফোন। বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে অলাভজনক প্রতিষ্ঠান খান একাডেমি প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য হচ্ছে সবার জন্য যেকোনো স্থানে বিনা মূল্যে বিশ্বমানের সেবা নিশ্চিত করা।
খান একাডেমিকে বাংলা করতে গ্রামীণফোনের অংশীদার আগামী নামের একটি বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান। খান একাডেমির আদলে একটি ওয়েবসাইট তৈরি করে তাতে খান একাডেমির সব ভিডিওগুলোকে বাংলায় ডাবিং করবে আগামী। আজ সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে গ্রামীণফোন।
‘লোকালাইজিং খান একাডেমি’ শীর্ষক এই উদ্যোগ চালু করতে আগামী এডুকেশন ফাউন্ডেশন (বাংলাদেশ) এবং আগামী ইনকরপোরেটেড (যুক্তরাষ্ট্র) খান একাডেমির সঙ্গে চুক্তি করেছে। পুরো সাইট বাংলায় চালু করার সব খরচ দেবে গ্রামীণফোন। তবে এই উদ্যোগটি পুরোপুরি অলাভজনক বলে জানিয়েছেন গ্রামীণফোনের কর্মকর্তারা। এটি করপোরেট রেসপন্সিবিলিটি বলে ঘোষণা দিয়েছেন তাঁরা।
গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল বলেন, ‘এখন ইন্টারনেট উপযোগী মোবাইল ফোন ব্যবহার করছেন অনেকেই। ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। সবার কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে গ্রামীণফোন। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মান সম্মত শিক্ষা উপকরণ পৌঁছে দিতে ইন্টারনেটের বিকল্প নেই। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা দেশের যেকোনো প্রান্তে বসে খান একাডেমির শিক্ষা উপকরণ থেকে উপকৃত হবেন।’
অনুষ্ঠানে খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খান একটি ভিডিও বার্তার মাধ্যমে এই উদ্যোগটির প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব করপোরেট রেসপন্সসিবিলিটি দেবাশীষ রায় ও আগামী এডুকেশন ফাউন্ডেশনের পরিচালক প্রোগ্রামস দিলরুবা চৌধুরী।
দিলরুবা চৌধুরী বলেন, ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় আগামী। ২০১১ সাল থেকে খান একাডেমির সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য খান একাডেমির উপকরণগুলো স্থানীয় ভাষায় আনার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি।
বাংলায় ডাবিংয়ের মান নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান দিলরুবা চৌধুরী।