বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

বঙ্গবন্ধু 

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলা ১ম পত্রের ‘বঙ্গবন্ধু’ নামক কবিতা থেকে একটি সৃজনশীল পদ্ধতির
নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।

# অনুচ্ছেদটুকু পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও—
১৯৭১ সালের ৭ মার্চ বজ্রকণ্ঠের মাধ্যমে বাঙালি জাতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সচেতন করে তোলেন
স্বাধীনতা অর্জনের জন্য। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা না দিয়ে বরং
তাঁকে ১৯৭১ সালের ২৫ মার্চ গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় এবং বাঙালি জাতির ওপর পাকিস্তানি
সেনারা ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতা অর্জনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাঙালি জাতি যুদ্ধে
অবতীর্ণ হয়। নয় মাস মুক্তিযুদ্ধ চলে। যুদ্ধ চলাকালীন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে ছিলেন। তাঁকে ফাঁসি
দেওয়ার ব্যবস্থা এবং কবর পর্যন্ত খোঁড়া হয়েছিল পাকিস্তানে। তিনি বলেছিলেন, ‘আমার লাশ বাংলার মাটিতে
পাঠিয়ে দিয়ো।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

প্রশ্ন:
ক. বঙ্গবন্ধু কবিতার রচয়িতার নাম কী?
খ. এ দেশের আপামর জনতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিল কেন?
গ. উদ্দীপকের সঙ্গে ‘বঙ্গবন্ধু’ কবিতার সম্পর্ক নির্ণয় করো।
ঘ. ‘আমার লাশ বাংলার মাটিতে পাঠিয়ে দিয়ো’— কবিতার আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: ক. বঙ্গবন্ধু কবিতার রচয়িতা পল্লীকবি জসীমউদ্দীন।
উত্তর: খ. বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলার আপামর জনতা জীবন বাজি রেখে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে
পড়েছিল, কারণ—পশ্চিম পাকিস্তানিরা পাকিস্তান সৃষ্টি হওয়ার উষালগ্ন থেকেই বাংলাদেশের জনগোষ্ঠীর ওপর
নির্মম অত্যাচার শুরু করে। এ দেশের সম্পদ নিয়ে তাদের অর্থনৈতিক ভাগ্য বদলাতে থাকে। বঙ্গবন্ধু এর
প্রতিবাদ করেন। কিন্তু প্রতিবাদ করে কোনো লাভ হয়নি বরং পাকিস্তানিরা এ দেশের মানুষের ওপর অত্যাচার
বাড়িয়ে দেয়। এমতাবস্থায় ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণ দেন। এতে তিনি বাঙালির
বঞ্চনার ইতিহাস তুলে ধরে স্বাধীনতার ডাক দেন। তাঁর ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়ে অস্তিত্ব
রক্ষার লড়াইয়ে।
উত্তর: গ. উদ্দীপকে বলা হয়েছে ৭ মার্চ বজ্রকণ্ঠের মাধ্যমে বাঙালি জাতিকে ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমান
সচেতন করে তোলেন স্বাধীনতা অর্জনের জন্য। তাঁর এই উদাত্ত আহ্বানে বাংলার কৃষক-শ্রমিক-জনতা প্রচণ্ড
মনোবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে শক্তিশালী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। অন্যদিকে কবিতায়ও ১৯৭১
সালের রেসকোর্স ময়দানের বক্তৃতার কথা বলা হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে জ্বলজ্বল করবে চিরদিন।
কবজিতে লাল সালু বেঁধে এখানে ছুটে এসেছিল কারখানার শ্রমিক, জোয়াল কাঁধে কৃষক, নারী, বৃদ্ধ, ছাত্র, পাতা
কুড়ানি, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই। তারা এসেছিল বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে চির আকাঙ্ক্ষিত মুক্তির সংগ্রামের
কথা শুনতে। এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু সৃষ্টি করেছিলেন দাবানল। উদ্দীপকের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুকে
একজন দেশপ্রেমিক আত্মত্যাগী মহান নেতা হিসেবে দেখতে পাই। আবার ‘বঙ্গবন্ধু’ কবিতায়ও শেখ মুজিবুর
রহমানের দেশপ্রেম, দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, আদর্শ, সংগ্রাম ও সাধনার কথা ব্যক্ত হয়েছে।
সুতরাং প্রতীয়মান হয়, উদ্দীপক এবং ‘বঙ্গবন্ধু; কবিতা উভয় ক্ষেত্রেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম,
সাধনা, আদর্শ এবং দেশপ্রেমকে তুলে ধরা হয়েছে।
উত্তর: ঘ. পল্লীকবি জসীমউদ্দীন ‘বঙ্গবন্ধ’ু নামক কবিতায় বাংলার অবিসংবাদিত নেতা, বাঙালি জাতির
কান্ডারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, দেশপ্রেম, নীতি ও আদর্শের কথা চমৎকারভাবে ফুটিয়ে
তুলেছেন। কবিতায় কবি বঙ্গবন্ধুকে বিসুভিয়াসের অগ্ন্যুৎপাতের সঙ্গে তুলনা করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক। ঔপবিনেশিক শাসন, শোষণ ও নিপীড়নের হাত
থেকে বাঙালি জাতিকে রক্ষা করতে তিনি দীর্ঘকাল সংগ্রাম করেছেন। জেল, জুলুম, অত্যাচার, ফাঁসির আদেশ
দিয়েও স্বৈরাচারী পাকিস্তান সরকার তাঁকে দমাতে পারেনি। শেখ মুজিবুর রহমান নামটিকেই প্রচণ্ড ভয় পেত
পাকিস্তানি শাসকেরা। ভাষা আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ— এসব
সংগ্রাম-আন্দোলনের মধ্য দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা অর্জনের ব্রত গ্রহণ করেছিল। এসব সংগ্রামের এক
প্রতীকে পরিণত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ দেশের ভুখা, নাঙ্গা মানুষের মানবিক অধিকার
ফিরিয়ে আনতে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর আত্মত্যাগ এতটাই মহৎ, যা দুনিয়াজুড়ে সব মানুষের কাছে
আহ্বান আর তাগিদ হয়ে কাজ করেছে মানবতার অগ্রগতির জন্য।
পরিশেষে বলা যায়, দেশ ও দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার জোরেই তিনি ফাঁসির মঞ্চে দাঁড়াতেও
কুণ্ঠিত ছিলেন না। বরং দীপ্তকণ্ঠে বলেছিলেন— ‘আমার লাশ বাংলার মাটিতে পাঠিয়ে দিয়ো।’