কিশোর কাজি
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দ পাঠ থেকে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো।
আলী কোজাই নামে বাগদাদে এক লোক বাস করত। তিনি হজব্রত পালনের জন্য মক্কায় যাওয়ার সময় জীবনের সঞ্চয় কলসিতে লুকিয়ে তার উপরে জলপাই ভরে বন্ধু নাজিমের কাছে রেখে গেল। আলী কোজাই ফিরে এসে বন্ধু নাজিমের কাছ থেকে কলসি নিয়ে গিয়ে দেখল তাতে মোহর নেই, শুধুই জলপাই আছে। আলী তখন কাজির দরবারে নালিশ করলে কাজি নাজিমকে ডেকে জিজ্ঞাসা করলে নাজিম তার কলসি যথা নিয়মে ফেরত দিয়েছে বলল। আসলে নাজিম আলীর সেই সঞ্চিত ধন অর্থাৎ মোহরগুলো পেয়ে সিন্দুকে ভরে রেখেছিল।
প্রশ্ন:
ক. গল্পাংশ কোন দেশের পটভূমিতে রচিত?
খ. আলী মূল্যবান মোহরের ওপর জলপাই রাখল কেন?
গ. উদ্ধৃতিতে বন্ধুর প্রতি নাজিমের আচরণের যৌক্তিকতা তুলে ধরো।
ঘ. উদ্ধৃতির আলোকে আলী ও নাজিম চরিত্রের তুলনামূলক মূল্যায়ন করো।
উত্তর: ক. গল্পাংশ ইরাকের পটভূমিতে রচিত।
উত্তর: খ. আলী মূল্যবান মোহরের ওপর জলপাই রাখল, কারণ কেউ যেন জানতে না পারে এর ভেতর মোহর রয়েছে।
আলীর সারা জীবনের সঞ্চয় করা মোহরের কথা বন্ধু নাজিমের কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল। মক্কায় হজ পালনের জন্য যাওয়ার সময় সেই কলসিটি সে তার বন্ধু নাজিমের কাছে গচ্ছিত রেখে যায়। কলসিতে রাখা মূল্যবান মোহরগুলোর কথা নাজিম যেন জানতে না পারে সে জন্য আলী মোহরের ওপর জলপাই রেখে দেন।
উত্তর: গ. উদ্ধৃতিতে বন্ধুর প্রতি নাজিমের আচরণে তার বন্ধুর সাথে বিশ্বাসভঙ্গের মতো খারাপ অপরাধ করেছে।
উদ্দীপকে আলীর প্রতি নাজিমের আচরণে আমরা সম্পূর্ণভাবে তার বিপরীত চিত্রটিই দেখতে পাই। বন্ধু নাজিমকে সৎ ও আস্থাভাজন ভেবে তার কাছে নিজের সারা জীবনের সঞ্চয় গচ্ছিত রেখে হজ পালনে যান আলী। কিন্তু নাজিম বন্ধুর আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়।
লোভের বশবর্তী হয়ে সে বন্ধুর আমানতের খেয়ানত করে। বিশ্বাস ভঙ্গ করার মাধ্যমে নাজিম বন্ধুর প্রতি অত্যন্ত অন্যায় আচরণ করে। সে নিজের বন্ধুর প্রতি সহনশীল আচরণ করতে পারেনি। তাই নাজিমের চরিত্রের মধ্যে আমরা বন্ধুর প্রতি অসদাচরণ করতে দেখি। আলী যে বিশ্বাসের ওপর বন্ধুর কাছে তার সারা জীবনের সঞ্চয় রেখে গিয়েছিল তার ওপর নাজিমের লোভ আমাদের বন্ধুর প্রতি বিশ্বাসভঙ্গেরই নমুনা দেখায়।
উত্তর: ঘ. উদ্ধৃতির আলোকে বন্ধুর প্রতি বিশ্বাসহীনতার বিচারে আলী ও তার বন্ধু নাজিমের চরিত্রের মধ্যে বৈপরীত্য লক্ষ করা যায়।
আলী ছিলেন সত্যবাদী, সৎ ও ধার্মিক ব্যক্তি। সারা জীবনের সঞ্চিত অর্থ বন্ধুর প্রতি বিশ্বাস রেখে সে মক্কায় পবিত্র হজ পালন করতে যায়। এর মাধ্যমে আমরা তার ধার্মিকতারও পরিচয় পাই। বিপরীত দিকে তার বন্ধু নাজিম একজন বিশ্বাসঘাতক।
নাজিম তার বন্ধুত্বের সম্মান রাখতে ব্যর্থ হয়েছে। কারণ সে তার বন্ধুর অর্থের ওপর লোভের দৃষ্টি ফেলেছে এবং সে লোভ সে সংবরণ না করে আলীর মোহরগুলো লুফে নিয়েছে। এতে আমরা তার চরিত্রে কথা দিয়ে কথা না রাখার প্রমাণ পাই; পাই বন্ধুর প্রতি বিশ্বাসভঙ্গের প্রমাণ।
হজে যাওয়ার প্রাক্কালে আলী তাঁর সারা জীবনের সঞ্চয় বন্ধু নাজিমের কছে আমানত হিসেবে রেখে যান। অথচ নাজিম সেই আমানত নষ্ট করে বন্ধুর সাথে বিশ্বাসভঙ্গ করে। আলী তার বন্ধুকে পুরোপুরি বিশ্বাস করতে পারেননি। তাই তিনি কলসির নিচে মোহর রেখে ওপরে জলপাই দিয়ে লুকিয়ে রেখেছিলেন। নাজিম সেই মোহরগুলো সরিয়ে কলসিটি জলপাই দিয়ে পরিপূর্ণ করে বন্ধুকে ধোঁকা দেয়। এর মাধ্যমে নাজিমের মিথ্যাবাদী, বিশ্বাসভঙ্গকারী, লোভী ও ধূর্ত চারিত্রিক বৈশিষ্ট্যের পারিচয় পাওয়া যায়। অন্যদিকে আমরা আলীর চরিত্রে সত্যবাদিতা ও সচ্চরিত্রের নমুনা পাই।
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা