বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী

প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্রের নারী কবিতা অবলম্বনে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

# মাঝিপাড়া গ্রামের দরিদ্র মকবুল তিন বিয়ে করেছে। নিজের কোনো আয়-রোজগার নেই। বউদের আয়ে সংসার চলে ওর। ১৫-২০ বছর ধরে চলছে এ অবস্থা। বউরা চাটাই বোনে, ধান ভানে, অন্যের বাড়িতে ঝিগিরি করে, কখনো বা কোদাল দিয়ে কুপিয়ে জমি চাষ করে। অথচ কারণে-অকারণে বিভিন্ন সময় তাদের নানা রকম গঞ্জনা সইতে হয়। সেবার মকবুল চতুর্থ বিয়ে করতে চাইলে তিন বউ যখন বাধা দিয়েছিল, তখন মকবুল একসঙ্গে তিন বউকেই তালাক দিয়ে দেয়। উপায়ান্তর না দেখে অসহায় অবস্থায় তারা তিনজনই এত বছরের তিল তিল করে গড়ে তোলা সংসার ছেড়ে বাধ্য হয়ে বাবার বাড়ি চলে যায়। তার পরও মকবুলের কোনো অনুশোচনা হয় না।
প্রশ্ন:
ক. কাজী নজরুল ইসলামকে কত সালে নাগরিকত্ব দেওয়া হয়? ১
খ. কবির চোখে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নেই কেন? ২
গ. উদ্দীপকে ‘নারী’ কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে, তা ব্যাখ্যা করো। ৩
ঘ. মকবুলের মতো লোকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ‘নারী’ কবিতায় কাজী নজরুল ইসলাম যে পরামর্শ দিয়েছেন, তা ব্যাখ্যা করো। ৪
উত্তর: ক. কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালে নাগরিকত্ব দেওয়া হয়।
উত্তর: খ. কবির চোখে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নেই। কারণ, সমাজ-সভ্যতার উন্নয়নে উভয়েই সমান অবদান রাখতে পারে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবি, মানবতাবাদী কবি। ‘নারী’ কবিতায় তিনি দেখিয়েছেন, সৃষ্টির ঊষালগ্ন থেকেই পুরুষ ও নারীর সমান অংশগ্রহণেই আজকের এ সভ্যতা। এ পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু মন্দ, সবকিছুই পুরুষ ও নারী উভয়ের সমান অবদানের ফসল। পুুরুষকে বাদ দিয়ে নারী নয় এবং নারীকে বাদ দিয়েও পুরুষ নয়। তাই কবি পুরুষ-রমণীর মধ্যে কোনো ভেদাভেদ খুঁজে পাননি।
উত্তর: গ. উদ্দীপকে ‘নারী’ কবিতায় নারীর অবদান অস্বীকার বা নারীর অবমূল্যায়নের দিকটি প্রতিফলিত হয়েছে।
‘নারী’ কবিতায় আমরা দেখতে পাই, নারীর অবমূল্যায়নের এক বীভৎস চিত্র। পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীকে সে যুগে যথাযথ সম্মান দেওয়া হতো না। পুরুষের পাশাপাশি নারী সমান তালে, সমান শক্তিমত্তায় সভ্যতার উন্নয়নে অংশগ্রহণ করত। স্বাধিকার, স্বাধীনতা ছিনিয়ে আনতে কত মায়ের সিঁথির সিঁদুর মুছে গেছে, কত বোন জীবন বাজি রেখে সেবা দিয়েছে। বিপ্লব-বিদ্রোহের মাধ্যমে কত মা, বোন, বধূরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে। কিন্তু পুরুষের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণোজ্জ্বল করে লেখা থাকলেও নারীর সে অবদান ধুলায় মিশে যেত, লেখা হতো না কোথাও। নারীরা হতো অধিকারবঞ্চিত, শোষিত, নির্যাতিত।
আলোচ্য উদ্দীপকেও আমরা নারীর অবমূল্যায়নের দিকটি লক্ষ করি। মাঝিবাড়ির দরিদ্র কৃষক মকবুল বউদের আয়ে চললেও কখনো সে বউদের মর্যাদা এবং কাজের স্বীকৃতি দেয়নি। ধান ভানা, চাটাই বোনা থেকে শুরু করে বিচিত্র কাজের মাধ্যমে তিন বউ সংসারের চাকা সচল রেখেছিল। কিন্তু মকবুল তার স্বার্থে চতুর্থ বিয়ে করতে চাইলে বউরা ন্যায়সংগত প্রতিবাদ জানায়। অথচ মকবুল পৌরুষত্ব দেখিয়ে একসঙ্গে তিনজনকেই তালাক দিয়ে নিঃস্ব-অসহায় অবস্থায় যার যার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। একবারও সে ভাবে না, এত বছর ধরে বউরা এ সংসারে কত শ্রম দিয়েছে, কত ঘাম ঝরিয়েছে। মুহূর্তের মধ্যেই বউদের সব অবদান মকবুল ভুলে যায়। যুগ যুগ ধরে নারীর এই অবমূল্যায়নের দিকটিই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
উত্তর: ঘ. মকবুলের মতো লোকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজী নজরুল ইসলাম ‘নারী’ কবিতায় কার্যকর কিছু পরামর্শ বা দিকনির্দেশনা দিয়েছেন। অর্থাৎ, পুরুষতান্ত্রিক মানসিকতা-সম্পন্ন লোকগুলোকে কবি জানাতে চান যে সময় বদলে গেছে, এখন মানবতার যুগ। এখন আর নারীকে অবদমন করে রাখা যাবে না। আর যদি কেউ নারীকে অবদমন করে রাখতে চায়, তাহলে পরের যুগে তাকে অবশ্যই লাঞ্ছিত ও অধিকারবঞ্চিত হতে হবে।
আলোচ্য ‘নারী’ কবিতায় কাজী নজরুল ইসলাম দেখিয়েছেন, এমন এক সময় ছিল, যখন নারীরা ঠিকই পুরুষের পাশাপাশি সভ্যতার উন্নয়নে অংশ নিত এবং পুরুষের মতোই সাহসিকতাপূর্ণ অবদান রাখত। কিন্তু পুরুষেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নারীর সে অবদান অস্বীকার করত। পুরুষের অবদান ইতিহাসের পাতায় পাতায় লিখে রাখলেও নারীর অবদান লিখে রাখার ব্যাপারে তাদের ছিল যত কার্পণ্য। মাতা, ভগ্নি, বধূদের ত্যাগ, সেবা, আত্মদান ইত্যাদি কিছুই মূল্যায়ন করা হতো না।
আলোচ্য উদ্দীপকেও আমরা নারীর সে অবমূল্যায়নের চিত্র দেখেছি। মকবুলের সংসারে তিন স্ত্রী তাদের হাঁড়ভাঙা খাটুনির প্রতিদান পেয়েছে নিঃস্ব-অসহায় অবস্থায় তালাকপ্রাপ্ত হয়ে বাবার বাড়ি ফিরে যাওয়ার মাধ্যমে। মকবুল একবারের জন্যও এত বছর ধরে তার সংসারে বউদের অবদানের কথা স্বীকার করেনি। মকবুল বউদের মূল্যায়ন করা তো দূরের কথা, বউদের নিজ হাতে গড়া সংসারের কুটোটি পর্যন্ত কোনো বউকে দেয়নি।
কবি আলোচ্য কবিতায় সেসব পুরুষতান্ত্রিক মানসিকতাসম্পন্ন মানুষের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি/ কেহ রহিবে না বন্দী কাহারও, উঠিছে ডঙ্কা বাজি।’ অর্থাৎ, এখন আর নারীকে অবদমন করে রাখা যাবে না। নারীর যথাযথ মূল্যায়ন করতে হবে, নারীর অবদানকে যথার্থভাবে স্বীকার করতে হবে। পুরুষতান্ত্রিক মানসিকতা দূর করতে হবে। অন্যথায় পরবর্তী যুগে নারীদের দ্বারা শোষিত, বঞ্চিত ও লাঞ্ছিত হতে হবে। উদ্দীপকের মকবুলের মতো লোকদেরকে ‘নারী’ কবিতা থেকে কাজী নজরুল ইসলামের এ পরামর্শ গ্রহণ করতে হবে। অন্যথায় সভ্যতার উন্নয়ন বিঘ্নিত হবে এবং পুরুষরা একসময় তাদের নিজেদের তৈরি করা কারাগারে নিজেরাই ভুগে মরবে।

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা