বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা উপন্যাস ‘কাকতাড়ুয়া’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

নিচের চিত্রগুলো দেখে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও:

প্রশ্ন:
ক. বুধার চাচাতো ভাইবোন কয়জন?
খ. ‘আসলে ভয় কী ও তা জানেই না।’—কথাটির কার্যকারণ কী? গ. কাকতাড়ুয়া উপন্যাসের সঙ্গে উদ্দীপকের চিত্রগুলোর মিল ও অমিল কোথায়?
ঘ. ‘উদ্দীপকে বিধৃত চালচিত্রই কাকতাড়ুয়া উপন্যাসের মূল বক্তব্যের স্মারক।’—বক্তব্যের বিষয়ে তোমার মতামত তুলে ধরো।

উত্তর: ক. বুধার চাচাতো ভাইবোনের সংখ্যা আট।
উত্তর: খ. সেলিনা হোসেনের কিশোর উপন্যাস কাকতাড়ুয়ার কেন্দ্রীয় চরিত্র বুধা সম্পর্কে ওপরের উক্তিটি করা হয়েছে। ভয়ভীতি মানুষের সহজাত প্রবৃত্তি। কিন্তু বাস্তবতার কারণে কখনো কখনো মানুষ ভয়কে তুচ্ছ করে। বুধা সেই বিরূপ পরিস্থিতির শিকার। কলেরা-মহামারিতে তার পরিবারের সবাই মারা গেছে। বুধা আজ কেবল একাই নয় নিঃসম্বল। প্রিয় বোন তিনু ও বিনুর করুণ মৃত্যুর দৃশ্য দেখে সে হতবাক। পরিবারের প্রতি টান আর নেই বুধার। সে এখন পরিবারহীনই নয়, স্বাধীনও। এই স্বাধীনতা আসলে তাকে ভীতিহীন করে দিয়েছে। পারিবারিক বন্ধন নেই বলেই তাকে ভয় কাবু করতে পারে না। নিজের প্রতিও তার মায়া নেই। এই নির্মোহ জীবনই তাকে সাহসী করে তোলে।
উত্তর: গ. ঔপন্যাসিক সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস কাকতাড়ুয়ায় মুক্তিযুদ্ধের সময়কার পাকিস্তানি হানাদার বাহিনির বর্বরোচিত হামলা, সাধারণ মানুষ নির্যাতন, বাঙালির বাড়িঘরে অগ্নিসংযোগ, নারী ও সংখ্যালঘু নির্যাতনসহ বিভিন্ন নির্যাতনে লিপ্ত হওয়ার প্রসঙ্গ আছে। এদিকে উদ্দীপকের চারটি ছবির মাধ্যমে আমরা মূলত পাকিস্তানি হানাদার বাহিনি কর্তৃক একাত্তরে ভিন্ন চারটি নির্যাতনের স্থিরচিত্র দেখতে পাই।
উপন্যাসের অনাথ বালক বুধা সব ছাড়িয়ে নিঃস্ব হওয়ার ফলেই গ্রামের সব মানুষ তাকে আপনজন ভাবে। পুরো গ্রাম আর হাটবাজার হয়ে ওঠে তার বিচরণকেন্দ্র। সে শুনেছে, দেশে যুদ্ধ চলছে, মিলিটারি এসেছে। কিন্তু যুদ্ধ ও মিলিটারি সম্পর্কে তার স্পষ্ট ধারণা নেই।
একদিন সে দেখল জিপ থেকে নেমে কিছু লোক তার পরিচিত বাজারটি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে। ওই ঘটনার সঙ্গে চতুর্থ চিত্রের মিল পাওয়া যায়। অথবা বুধা যে রাজাকার আহাদ মুন্সির আটচালা শণের ঘর জ্বালিয়ে দিয়েছিল, সেটার সঙ্গেও সাদৃশ্যপূর্ণ হতে পারে।
দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাই, সেনাবাহিনীর এক সদস্য বাঙালির ধর্ম পরীক্ষা করছে, যা একটি ন্যক্কারজনক অধ্যায়। যদিও এই প্রসঙ্গের সঙ্গে উপন্যাসের কোনো ঘটনার মিল নেই। তবে প্রাসঙ্গিকভাবে বলা যায়, এ দেশের সংখ্যালঘুদের ওপর পাকিস্তানিদের আক্রোশ বেশি ছিল। হরিকাকু ও হরিকাকুর স্ত্রীকে পালাতে দেখে বুধাও বলেছিল ‘কেঁদ না কাকি, পালাও। তোমাদের বাঁচতে হবে তো।’ এদিকে মধুকেও পাকিস্তানিরা হত্যা করেছে।
তৃতীয় দৃশ্যে দেখা যায়, যুবকদের ধরে এনে পাকিস্তানিরা নির্যাতন করছে। পাকিস্তানিদের নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য মৃত মধুর ভাই মিঠু পালিয়ে পালিয়ে থাকে। কিন্তু ধরা পড়লে তার অবস্থা হতো তৃতীয় ছবির মতো।
আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের চিত্রগুলোর সঙ্গে কাকতাড়ুয়া উপন্যাসের অমিলের চেয়ে মিলই বেশি পরিলক্ষিত হয়।
উত্তর: ঘ. ঔপন্যাসিক সেলিনা হোসেনের একটি অসাধারণ কিশোর উপন্যাস কাকতাড়ুয়া, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। উপন্যাসের প্রেক্ষাপট মূলত মুক্তিযুদ্ধে কিশোর বুধার অসম সাহসিকতা ও মুক্তিযুদ্ধে হানাদার বাহিনির একটি দলকে মাইন দিয়ে উড়িয়ে দেওয়া বা তাদের গতিপথকে বাধাগ্রস্ত করা। এর মাধ্যমে এক সাহসী কিশোর মুক্তিযোদ্ধার পরিচয় পাওয়া যায়। কিন্তু আমাদের প্রশ্নোক্ত অংশে ১৯৭১ সালের বাঙালি নির্যাতনের চারটি স্থিরচিত্র দেওয়া আছে। মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের নির্যাতনের ভয়াবহতা উপন্যাস পাঠে আমরা যা জানতে পারি, তার কিছু অংশ আছে উক্ত ছবিগুলোতে।
পাকিস্তানি হানাদার বাহিনি ভিনদেশ থেকে এসে এ দেশের সাধারণ মানুষের ওপর অকথ্য বর্বরোচিত হামলা শুরু করে। যুদ্ধের কৌশল হিসাবে তারা মহাসড়কের দুপাশের ঘরবাড়ি জ্বালিয়ে সামনের দিকে অগ্রসর হয়। সংখ্যালঘুদের মধ্যে বিশেষ করে হিন্দুদের ওপর তাদের আক্রোশ ছিল বেশি। দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাই এক সেনাসদস্য একজন বাঙালির সম্মান হানিকর কাজে লিপ্ত। পাকিস্তানি বাহিনি এ দেশের শক্ত-সামর্থ্য যুবকদের ধরে এনে নির্যাতনের মাধ্যমে হত্যা করে মুক্তিবাহিনির সন্ধান করত। কিন্তু তাদের প্রধান উদ্দেশ্য ছিল এ দেশের যুবকদের হত্যা করা। প্রথম চিত্রে আবালবৃদ্ধবনিতাকে বর্বর বাহিনি হত্যা করে লাশের ওপরে লাশ ফেলে রেখেছে। উপন্যাসেও মধুর প্রসঙ্গটি এর সঙ্গে যথেষ্ট মিল আছে।
সুতরাং বলা যায়, উদ্দীপকের বর্বরতার চিত্র আসলে উপন্যাসের চিত্রের বর্বরতার সঙ্গে অনেকাংশে মিলে যায়। পাকিস্তানি হানাদার বাহিনির নির্যাতনের বিভিন্ন মাত্রা ও বর্বরতা ওই ছবিগুলো দেখে স্মরণ করা যেতে পারে।
প্রভাষক, হলিক্রস কলেজ, ঢাকা