ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের সর্বনাম পদ নিয়ে আলোচনা করা হলো।
সর্বনাম পদ
নির্দেশক সর্বনামের রূপ (চলিত রীতি): ‘এ’, ‘ও’
বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহূত হয়, তাকে সর্বনাম পদ বলে। যেমন:
বিশেষ্য: বকুল ভালো ছেলে।
সর্বনাম: সে প্রতিদিন স্কুলে যায়।
এখানে বিশেষ্য ‘বকুল’-এর পরিবর্তে ‘সে’, ‘তার’, ‘তাকে’ প্রভৃতি পদ ব্যবহার করায় বাক্যগুলো শ্রুতিমধুর হয়েছে।
বাংলা ভাষায় সর্বনাম পদ নানা রকম। যেমন :
১. ব্যক্তিবাচক সর্বনাম: আমি, আমরা, তুমি, সে ইত্যাদি।
২. নির্দেশক সর্বনাম: এ, এটি, সেটি ইত্যাদি।
৩. সাকল্যবাচক সর্বনাম: সকল, সব,সমুদয় ইত্যাদি।
৪. সাপেক্ষ সর্বনাম: যে-সে, যা-তা, যিনি-তিনি ইত্যাদি।
৫. প্রশ্নসূচক সর্বনাম: কী, কার, কাদের, কিসে ইত্যাদি।
৬. অনির্দেশ সর্বনাম: কেউ, কোন, কেহ ইত্যাদি।
৭. আত্মবাচক সর্বনাম: স্বয়ং, নিজ, আপনি ইত্যাদি।
৮. অন্যাদিবাচক সর্বনাম: অন্য, অপর, পর ইত্যাদি।
নির্দেশক সর্বনামে রূপ : ‘এ’, ‘ও’
যে সর্বনাম পদ সাধারণত বিশেষ্যকে নির্দিষ্ট করে দেয়, তাকে নির্দেশক সর্বনাম পদ বলে। যেমন : এ, এই, এরা, ইহারা, ইহা, ও, ওরা, ওদের, ঐ, উহা, উহাদের ইত্যাদি।
বিশেষ্য পদের সঙ্গে যেমন বিভক্তি যোগ হয়ে শব্দ গঠন করে, তেমনি, বিভক্তি, প্রত্যয় ও কর্মপ্রবচনীয় যুক্ত হয়ে সর্বনামের রূপ হয়। নিচে নির্দেশক সর্বনাম ‘এ’ এবং ‘ও’-এর চলিত রূপ দেখানো হলো।
এ-এর রূপ: ১. প্রাণীবাচক রূপ: একবচন:এরা, এদের, এঁরা
বহুবচন: এ, এর, ইনি
বাক্যে প্রয়োগ: এ আমার ভাই; এর নাম উজ্জ্বল।
ইনি আমার চাচা; এঁরা করাচি থাকেন। এঁদের লোহালক্কড়ের বড় ব্যবসা আছে।
২. অপ্রাণীবাচক রূপ: একবচন: এটা, এটি, এখান
বহুবচন: এসব, এগুলো, এ সমস্ত
বাক্যে প্রয়োগ : এটা এখান থেকে সরাও।
এটি আপনার বই।
ও-এর রূপ
১. প্রাণীবাচক রূপ:
একবচন: ও, ওর, ওঁ, উনি, ওকে
বহুবচন: ওরা, ওদের, ওঁরা, ওদেরকে
বাক্যে প্রয়োগ: ও যেন ফিরে আসে। উনি সম্পর্কে আমার মামা হন। ওদের যেতে বলো।
২. অপ্রাণীবাচক রূপ:
একবচন: ওই, ওটি, ওখান
বহুবচন: ওসব, ওগুলো, ও সমস্ত
বাক্যে প্রয়োগ : তবে ওই কথাই রইল। ওটি কিসের বই? ওসব কথা ছাড়ো তো।
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল