বাংলাদেশ অনলাইন কমিউনিটি সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশের ভার্চুয়াল সম্প্রদায়ের সম্মেলন। বাংলাদেশ অনলাইন কমিউনিটি সম্মেলন নামের এ আয়োজন শুক্রবার ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের স্লোগান ছিল ‘অনলাইন বাংলা বিশ্বময়’।এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘বর্তমান পৃথিবী তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়েছে অনেকখানি, সে তুলনায় আমরা এগোতে পারিনি। নতুন প্রজন্মকে প্রযুক্তি শিক্ষা দিতে সরকারিভাবে পাঠ্যসূচিতে কম্পিউটার শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে।’ অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার, সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, সম্মেলনের আয়োজক অনন্ত হামিদসহ অনেকে বক্তৃতা করেন। উদ্বোধনের পর অনলাইনভিত্তিক প্রতিযোগিতা, নির্বাচিত চিত্র প্রদর্শনী এবং দর্শকদের জন্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে ‘অনলাইন ও আমাদের ভবিষ্যত্’ শীর্ষক সেমিনারে মূল বিষয় পড়েন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। তিনি ইন্টারনেটের শুরু থেকে বর্তমান অবস্থা ও ব্যবহারকারীদের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, দেশি ও প্রবাসী বাঙালিদের একসঙ্গে একই নেটওয়ার্কে আনতে পারলে প্রযুক্তির মাধ্যমে বড় একটি পরিবর্তন সম্ভব। প্রযুক্তির ব্যবহার বাড়ছে উল্লেখ করে বাংলা উইকিপিডিয়ার উল্লেখযোগ্য অগ্রগতির কথা বলেন তিনি। সেমিনারে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান অনলাইনে প্রবাসী বাঙালিদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেন। সেমিনারে মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। অনলাইন কমিউনিটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করে বেঙ্গলি টাইমস ডট কম ও বেঙ্গলি ওয়েভ ডট কম। দিনব্যাপী এ আয়োজন বিভিন্ন ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয়। —নুরুন্নবী চৌধুরী