বাংলাদেশ অ্যাপ তৈরিতে বিপ্লব ঘটাবে
‘আমরা অ্যাপ তৈরিতে শীর্ষস্থানে যেতে চাই। একটা ধারণা অনেক দূর নিয়ে যেতে পারে। মোবাইল অ্যাপ নিয়ে আমরা সারা বিশ্বে বিপ্লব করতে চাই।’ ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৬-এর বিশ্ববিদ্যালয় আয়োজনের অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) অনুষ্ঠিত সেমিনারে এ কথা বলেন, বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আক্তার হোসেন। সেমিনারে আরও বক্তৃতা করেন ডিআইইউর সহকারী অধ্যাপক নারায়ণ রঞ্জন চক্রবর্তী ও ইএটিলের ব্যবস্থাপক দীপু রিচার্ড পালমা।
তরুণ প্রোগ্রামার ও অ্যাপস নির্মাতাদের জন্য এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেড (ইএটিএল) ও প্রথম আলো এ প্রতিযোগিতার আয়োজন করেছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের অ্যাপ তৈরির নানা বিষয়ে জানানো হয়।
এর আগে সেমিনারে একটি কুইজ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় নিবন্ধিত হয়ে অংশ নেওয়ার ও ধারণাপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট। এই প্রতিযোগিতার লিডস স্পনসর ওয়ার্ল্ড ব্যাংক ও কানাডা, স্ট্র্যাটেজিক পার্টনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, মিডিয়া পার্টনার চ্যানেল আই ও টাইটেল পার্টনার হিসেবে আছে প্রথম আলো। বিস্তারিত: www.eatlapps.com ।
রাহিতুল ইসলাম