বাংলাদেশ ইউনিভার্সিটিতে থ্রিডি প্রিন্টার ল্যাব চালু
বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) চালু হলো থ্রিডি প্রিন্টার ল্যাব। এর ফলে এ ল্যাবে থ্রিডি প্রিন্টের সুবিধা পাওয়া যাবে। গতকাল শনিবার থ্রিডি প্রিন্টার ল্যাবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এ সময় তিনি বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসেবে গাজীপুরের নির্মাণাধীন হাইটেক পার্কের নির্মাণকাজ শেষ হলে সেখানে প্রায় ৭০ হাজার প্রকৌশলীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক মো. কায়কোবাদ বলেন, থ্রিডি প্রিন্টার ল্যাব বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং এটি দেশের বিজ্ঞানের অগ্রযাত্রায় একটি মাইলফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে বক্তব্য দেন বিইউ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক এম এ গোলাম দস্তগীর, উপপরিচালক কাজী তাইফ সাদাত, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ইমাম উদ্দীন, স্থাপত্য বিভাগের প্রধান বিকাশ সাউদ আনসারী, সিএসই বিভাগের প্রধান সাদিক ইকবালসহ অনেকে। —বিজ্ঞপ্তি