বাংলাদেশ ও ইউরোপের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের বাজারে বাংলাদেশি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিসেবার প্রসারে নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড (এনটিএফ)-৩ বাংলাদেশ প্রকল্পের আওতায় মঙ্গলবার দিনব্যাপী ‘বিজনেস টু বিজনেস (বিটুবি)’ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এ বৈঠকে যুক্তরাজ্যের চারটি এবং ডেনমার্কের একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে দেশের ২২টি প্রতিষ্ঠানে ৫০টি বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজন সহযোগিতায় ছিল নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিবিআই, জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
বৈঠকগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে ইউরোপের বিনিয়োগ বাড়বে এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, ‘তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক বাজারে বাংলাদেশকে তুলে ধরতে দেশে ও দেশের বাইরে নিয়মিত বিটুবি বৈঠক, সেমিনার ও সম্মেলনের আয়োজন করা হচ্ছে।’
এনটিএফ-৩ বাংলাদেশ প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক মো. মাহফুজুল কাদের বলেন, এনটিএফ-৩ প্রকল্পের আওতায় ২০১৭ সালের মাঝামাঝি পর্যন্ত ইউরোপ ও বাংলাদেশে আরও বিটুবি বৈঠক হবে। বাংলাদেশ তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার রপ্তানি বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ সম্ভাবনা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।