প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে একটি সৃজনশীল ও প্রশ্নোত্তর দেওয়া হলো।
# আরিফ ও সাদিক দুই ভাই। তাঁরা একই সঙ্গে অনার্স পাস করেছেন। আরিফ চাকরির জন্য বসে না থেকে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সরকার গৃহীত ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে মাছের চাষ করে কর্মসংস্থান সৃষ্টি করেছেন। সাদিকের দৃষ্টিতে আরিফের এ কাজ মানসম্মত নয়। একজন শিক্ষিত ব্যক্তিত্বসম্পন্ন লোকের পক্ষে এ ধরনের কাজ করা অসম্ভব। তাই সাদিক বন্ধুদের সঙ্গে অযথা সময় কাটাচ্ছেন। তিনি সংসারের ওপর নির্ভরশীল। সংসারে তিনি এখন বোঝা হয়েছেন। চাকরির আশায় তিনি দিন গোনেন। কিন্তু চাকরি পাচ্ছেন না।
ক. জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগান কী?
খ. জনসংখ্যা সমস্যা মোকাবিলায় সচেতনতা কার্যক্রম বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে সাদিকের দৃষ্টিভঙ্গি কতটা যুক্তিযুক্ত? সাদিক কীভাবে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নিজেকে মানবসম্পদে পরিণত করতে পারেন, বুঝিয়ে বলো।
ঘ. আরিফকে আত্মনির্ভরশীল করতে কার ভূমিকা বেশি, উদ্দীপকের আলোকে যুক্তিসহ মতামত তুলে ধরো।
উত্তর: ক. জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগান হলো, ‘ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট’।
উত্তর: খ. জনসংখ্যা সমস্যা মোকাবিলায় সচেতনতা কার্যক্রম বলতে বোঝায়, সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর গৃহীত নানা পদক্ষেপ। তারা নানা উপকরণ তৈরি ও ব্যবহারের মাধ্যমে জনসংখ্যা হ্রাসে জনগণকে উৎসাহী করে। পরিবার পরিকল্পনা কর্মসূচি, পরিবার পরিকল্পনা বিষয়ে সাময়িকী, পোস্টার, চার্ট, নিউজলেটার, ডকুমেন্টারি ফিল্ম ইত্যাদি প্রকাশের মাধ্যমে জনমানসে জনসংখ্যা হ্রাসে জনমত তৈরি করে।
উত্তর: গ. একজন শিক্ষিত ব্যক্তিত্বসম্পন্ন লোকের পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব নয় বলে সাদিক তাঁর হীনম্মন্যতার পরিচয় দিয়েছেন, যা তাঁর ছোট মনের পরিচয়। তিনি শুধু ওই পেশাকে ছোট করেননি, বরং নিজেকেও ছোট করেছেন। এখানে তাঁর মানসিকতার পরিচয় ফুটে উঠেছে। একজন শিক্ষিত ব্যক্তির এ ধরনের দৃষ্টিভঙ্গি কেবল অপ্রত্যাশিত নয়, সমাজ ও জাতির উন্নয়নে প্রতিবন্ধকতাও বটে। সাদিকের উচিত ছিল পরিবার ও দেশের বোঝা না হয়ে কোনো কাজে লেগে পড়া। নিজের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করা। যেমন আরিফ চাকরির জন্য বসে না থেকে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সরকার গৃহীত ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে মাছের চাষ করে কর্মসংস্থান সৃষ্টি করেছেন। ফলে তিনি স্বাবলম্বী হতে পেরেছেন। দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হয়েছেন। সাদিক নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নিজের দক্ষতা ও প্রশিক্ষণমূলক কাজে অংশ নিয়ে নিজেকে মানবসম্পদে পরিণত করতে পারেন। অবদান রাখতে পারেন পরিবারের উন্নতি, দেশ ও জাতির অগ্রগতিতে। সাদিকের উচিত আর বসে না থেকে সরকার গৃহীত ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা। বেকারত্বের অভিশাপ থেকে বের হয়ে আসা। নিজের ভাগ্যের চাকাকে সচল করা। সরকার দেশের তরুণ বেকার সমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। হাঁস-মুরগির খামার, মাছের চাষ, কুটির শিল্প, কারুশিল্প ইত্যাদি। এর আওতায় প্রশিক্ষণ নিয়ে স্বল্প পুঁজিতে তিনি নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।
উত্তর: ঘ. আরিফকে আত্মনির্ভরশীল করতে সরকারের ভূমিকাই বেশি। কারণ, সরকার বেকার যুবকদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে যুব উন্নয়নের প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে স্বাভাবিক সুন্দর জীবনযাপনে সহায়তা করেছে। ফলে দেশ ও জাতির উন্নয়নে তিনি নিজেকে সম্পৃক্ত করতে পেরেছেন। নিজেকে বেকারত্ব থেকে মুক্ত করতে পেরেছে। বিনা খরচে সরকারি সহায়তায় আরিফ নিজেকে প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্রঋণ নিয়ে মৎস্য খামারের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী হিসেবে দাঁড় করিয়েছেন। আরিফের নিজের প্রচেষ্টাও কোনো অংশে কম নয়। কারণ, একজন শিক্ষিত মানুষের জন্য এ ধরনের কাজ করার জন্য উত্তম মানসিকতার দরকার। দরকার উদার দৃষ্টিভঙ্গি, যেকোনো পেশার প্রতি সম্মানবোধ। সেই সঙ্গে সরকারি সহায়তা তাঁর স্বাবলম্বী হওয়ার পথকে আরও প্রশস্ত করেছে। তাঁর ইচ্ছাশক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সরকার মাছের চাষ, কুটির শিল্প, হাঁস-মুরগির খামার, কৃষি খামারের ওপর বেশ গুরুত্ব আরোপ করেছে। বেকার যুব সমাজ এসব খাতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। আরিফ অনার্স পাস করেও চাকরির আশায় বসে না থেকে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। চাকরির প্রচেষ্টার পাশাপাশি সরকার গৃহীত প্রশিক্ষণের আওতায় যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি ক্ষুদ্র ব্যবসায় অংশ নিয়েছেন। তাঁর মেধা ও মননশীলতা তাঁকে সফল করেছে। অতএব বলতে পারি, আরিফকে স্বাবলম্বী করতে সরকারের ভূমিকাই সব থেকে বেশি।
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়