বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৭ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।

# অল্প কথায় উত্তর দাও।
প্রশ্ন: মানবাধিকার কাকে বলে?
উত্তর: মানুষ হিসেবে সবার সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। যেমন—লেখাপড়া করা, স্বাধীনভাবে চলাফেরা করা, মত প্রকাশ করা, নিজ নিজ ধর্ম পালন করা, আইনশৃঙ্খলার সহায়তা পাওয়া ইত্যাদি। মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলোকে বলা হয় ‘মানবাধিকার’। জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর মানুষের এসব অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’। এ ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ, আর্থিক অবস্থাভেদে বিশ্বের সব দেশের সব মানুষের এগুলো পাওয়ার অধিকার আছে।

প্রশ্ন: মানবাধিকারের প্রয়োজনীয়তা লিখ।
উত্তর: মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলোকে ‘মানবাধিকার বলা’ হয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে আমরা মানবাধিকারগুলো পেয়ে থাকি। মানবাধিকারের প্রয়োজনীয়তাগুলো নিচে দেওয়া হলো:
১. মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে।
২. লেখাপড়া শিখে যোগ্যতা ও মর্যাদার সঙ্গে বসবাসের সুযোগ করে দেয়।
৩. মানুষে মানুষে সম্প্রীতি তৈরি করে।
৪. সমাজে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করে।
৫. মানুষের ভালো গুণগুলোকে বিকশিত হতে সাহায্য করে।
৬. স্বাধীন ও সুস্থভাবে বেঁচে থাকা এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য তাই মানবাধিকারের বিকল্প নেই।

প্রশ্ন: আমরা বাড়িতে কীভাবে মানবাধিকার চর্চা করতে পারি?
উত্তর: মানবাধিকার লঙ্ঘন একটি ঘৃণ্য কাজ। পৃথিবীর সব মানুষের কল্যাণ ও সমাজ উন্নয়নের জন্য আমাদের অবশ্যই সবার অধিকারকে শ্রদ্ধা করতে হবে। আমরা যদি প্রত্যেকে পরিবার থেকে এগুলো মেনে চলার অভ্যাস করি, তাহলে সমাজটা অনেক সুন্দর হবে।
তাই পারিবারিক যেকোনো বিষয়ে আমরা পরিবারের সদস্যদের মতামত গ্রহণ করব। এতে সিদ্ধান্ত গ্রহণ যেমন সহজ হয়, তেমনি অন্যের ওপর জোর করে মত চাপিয়ে দেওয়া হয় না। পরিবারের বয়স্কদের শ্রদ্ধা করব এবং প্রয়োজনে সাহায্য করব। ছেলে হোক মেয়ে হোক সব শিশুকে সমানভাবে শিক্ষা, খাদ্য ও মত প্রকাশের সুযোগ করে দেব। বাড়িতে কাজে সহায়তাকারী ব্যক্তিকে বাড়ির অন্যদের সমান খাবার, পোশাক, চিকিত্সা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেব। তাদের প্রতি কোনো অন্যায় আচরণ করব না।
রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল