অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৮ থেকে কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: সমাজের প্রতি তোমার পাঁচটি দায়িত্ব লেখো।
উত্তর: আমরা সমাজের সদস্য। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে।
সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য:
১. সমাজের বিভিন্ন নিয়মকানুন, আচার-আচরণ মেনে চলতে হবে।
২. সমাজের বিভিন্ন ধরনের সম্পদ (যেমন রাস্তাঘাট, পুল-সেতু যানবাহন, গাছপালা, ক্ষেত, পুকুর, পার্ক, ক্লাব ইত্যাদি) আছে যা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে। এগুলো সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।
৩. আমরা সমাজের উন্নয়নে কাজ করব। সমাজের শান্তি নষ্ট হয়, এ ধরনের কাজ থেকে বিরত থাকব।
৪. বড়দের শ্রদ্ধা ও ছোটদের ভালোবাসব। অন্যের ক্ষতি করব না। সবার উপকার করার চেষ্টা করব।
৫. আমাদের সমাজে অনেক অসুবিধাগ্রস্ত মানুষ আছে। তাদের প্রতি সহমর্মিতা দেখাব ও সহযোগিতা করব।
প্রশ্ন: রাষ্ট্রের নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত কেন?
উত্তর: সমাজের সদস্য ও রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও অধিকার ভোগ করি। সে জন্য সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্বের মধ্যে একটি অন্যতম দায়িত্ব হচ্ছে নিয়মিত কর প্রদান করা।
রাষ্ট্র পরিচালনা করার জন্য অনেক অর্থের প্রয়োজন। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার জন্য এই অর্থের প্রয়োজন হয়। নাগরিকদের দেওয়া কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সরকার এসব কাজ করে। তাই নিয়মিত কর দেওয়া নাগরিকদের কর্তব্য।
প্রশ্ন: বাড়িতে নিরাপত্তা রক্ষায় আমাদের কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে?
উত্তর: অনেক সময় বাড়িতে আমরা নানা রকম দুর্ঘটনার শিকার হই। দুর্ঘটনা এড়াতে আমাদের কিছু বিষয়ের ব্যাপারে সতর্ক হতে হবে। যেমন—
১. ছুরি, কাঁচি দিয়ে কখনো খেলব না বা অসতর্কভাবে ব্যবহার করব না।
২. খালি পায়ে বা ভেজা হাতে বা অসতর্কভাবে বৈদ্যুতিক তার ধরব না, তাতে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারি।
৩. কখনো ভুলে বা অজ্ঞতার কারণে ভুল ওষুধ বা কীটনাশক খাব না। এতে জীবন বিপন্ন হতে পারে।
৪. গ্যাসের চুলার চাবি কখনো খোলা রাখব না। চাবি খোলা থাকলে গ্যাস বের হয়ে জমে থাকে এবং তাতে আগুন জ্বালালে আমাদের শরীরে ও বাড়িতে আগুন লেগে দুর্ঘটনা ঘটতে পারে।
৫. মাটির চুলা অসতর্কভাবে ব্যবহার করলেও দুর্ঘটনা ঘটতে পারে। তাই মাটির চুলাও খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে।
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল