অধ্যায়-১০ ও ১১
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১০ থেকে কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সবার গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া উচিত কেন?
উত্তর: বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে। দেশের নাগরিক হিসেবে আমাদের সবাইকে তাই গণতান্ত্রিক মনোভাবের অধিকারী হতে হবে। এ জন্য আমরা বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ ইত্যাদি সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। ফলে আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। তাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সবার গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া উচিত।
প্রশ্ন: আমরা বাড়িতে কীভাবে গণতন্ত্র চর্চা করতে পারি?
উত্তর: গণতান্ত্রিক মনোভাব একটি ব্যক্তিগত ও সামাজিক গুণ। বাড়িতে গণতান্ত্রিক চর্চার মূলকথা হলো পরিবারের সবার মতকে সম্মান করা এবং সবাই মিলে আলোচনা করে যেকোনো সিদ্ধান্ত নেওয়া। সকলের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে হবে এবং কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে মা-বাবা, ভাইবোন ও অন্য সবার সঙ্গে আলোচনা করতে হবে। যেমন—
১. প্রতিদিনের খাবারের তালিকা কেমন হবে?
২. কীভাবে ঘর সাজাব? ৩. ঘরের কী জিনিস কিনব?
৪. কোথায় ও কীভাবে বেড়াতে যাব?
৫. উত্সব অনুষ্ঠানে কী করব?
এভাবেই আমরা বাড়িতে গণতন্ত্র চর্চা করতে পারি।
প্রশ্ন: আমরা শ্রেণিকক্ষে ও বিদ্যালয়ে কীভাবে গণতন্ত্র চর্চা করি?
উত্তর: শ্রেণি ও বিদ্যালয়ের বিভিন্ন কাজে আমরা গণতান্ত্রিক আচরণ করব। অধিকাংশের মত অনুযায়ী বিভিন্ন কাজ করব। শ্রেণির বিভিন্ন কাজ, যেমন- চেয়ার, টেবিল, বেঞ্চ গোছানো, শ্রেণিকক্ষ সাজানো, পরিষ্কার-পরিচ্ছন্ন করা ইত্যাদি সম্পর্কে সব সহপাঠীর সঙ্গে আলোচনা করব। অধিকাংশের মতামত নিয়ে কাজগুলো সম্পন্ন করব।
বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন ইত্যাদি সুষ্ঠু পরিচালনার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে কাজ করব এবং পরস্পরকে সহায়তা করব।
প্রশ্ন: শ্রেণিনেতা নির্বাচিত করতে একজন শিক্ষক কী পদ্ধতি অনুসরণ করবেন?
উত্তর: শ্রেণিতে শ্রেণিনেতা নির্বাচন করতে একজন শিক্ষক প্রথমে কারা শ্রেণিনেতা হতে ইচ্ছুক, সেটা জেনে নেবেন। যদি পাঁচজন শিক্ষার্থী ইচ্ছা প্রকাশ করে তবে তাদের নাম বোর্ডে লিখবেন। যেহেতু মাত্র দুইজনকে শ্রেণিনেতা বানানো হবে, তাই পাঁচজনের মধ্য থেকে সবার মতামতের ভিত্তিতে দুজনকে নির্বাচন করা হবে। সব শিক্ষার্থীকে দুই টুকরা করে কাগজ দিয়ে বোর্ডে লেখা নামগুলো থেকে তাদের পছন্দের দুইজন শিক্ষার্থীর নাম দুটি কাগজে লিখে ভাঁজ করে একটি বাক্সে রাখতে বলবেন। এভাবে সবার মত নেওয়া সম্পন্ন হলে শিক্ষক কাগজগুলো খুলে গণনা করবেন এবং কার পক্ষে কয়জন মত দিয়েছে, তা বোর্ডে লেখা নামগুলোর পাশে লিখবেন। এভাবে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে, তাকে করা হবে প্রথম শ্রেণিনেতা। আর যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে, সে নির্বাচিত হবে দ্বিতীয় শ্রেণিনেতা। সবার মতামত নিয়ে শ্রেণিনেতা নির্বাচিত হলে সবাই হাসিমুখে তাদেরকে বরণ করে নেবে।
অধ্যায়-১১
প্রশ্ন: নারী নির্যাতনের নেতিবাচক প্রভাবগুলো কী?
উত্তর: সমাজে নারী নির্যাতনের প্রভাব অনেক ক্ষতিকর। যেমন পারিবারিকভাবে নারী নির্যাতন হলে নির্যাতিত নারীর শারীরিক, মানসিক ক্ষতি হয়। যেসব পরিবারে মায়েরা নির্যাতনের শিকার হন, সেসব পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধা পায়। নির্যাতিত নারী সময়মতো কাজে যেতে পারেন না। ফলে অর্থনৈতিক ক্ষতি হয়।
পারিবারিকভাবে নারী নির্যাতনের একটি বিশেষ কারণ হচ্ছে যৌতুক, যা একটি ব্যাধির মতো সমাজে ছড়িয়ে আছে। যৌতুক দিতে হয় বলে মেয়েশিশুকে পরিবারের বোঝা মনে করা হচ্ছে। রাস্তাঘাটে, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথেও মেয়েরা নানা হয়রানির শিকার হচ্ছে।
এ ধরনের নির্যাতনের নেতিবাচক প্রভাব পড়ছে সমাজের ওপরই। যদি আমরা বাড়ি, বিদ্যালয় ও সবক্ষেত্রে নারী-পুরুষের সমতা ও সমঅধিকার নিশ্চিত করার প্রতি যত্নবান হই, তবে নারী নির্যাতনও বন্ধ হবে।
শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল