
অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: আবহাওয়া ও জলবায়ু কাকে বলে?
উত্তর: কোনো স্থানের স্বল্প সময়ের অর্থাৎ এক থেকে সাত দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে আবহাওয়া বলে। সাধারণত ৩০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কেই জলবায়ু বলা হয়।
প্রশ্ন: খরার কারণে কী কী সমস্যা হয়?
উত্তর: দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খরা হয়। বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যা, অপরিকল্পিত উন্নয়ন, গাছপালা কেটে ফেলা ও বায়ুদূষণ ইত্যাদি বায়ুমণ্ডলকে শুষ্ক করে খরার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে।
খরার কারণে সমস্যাসমূহ:
১. জলবায়ু পরিবর্তনের ফলে খরাপীড়িত অঞ্চল তপ্ত হয়ে ওঠে।
২. কুয়া, খাল, বিল শুকিয়ে যায়, নদীর স্বাভাবিক প্রবাহ কমে যায়।
৩. অত্যধিক গরমে অনেকে জ্বর, ডায়রিয়া, হাম, ইনফ্লুয়েঞ্জাসহ নানা অসুখে ভোগে।
৪. ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায় আর মাটির আর্দ্রতা কমে যায়।
৫. মাঠের ফসল ফলাতে কষ্ট হয় এবং গবাদিপশুর খাদ্যসংকট দেখা দেয়।
৬. হাঁস, মুরগির মড়ক দেখা দেয় এবং অনেকের আয় বন্ধ হয়ে যায়।
বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ মানুষ খাওয়ার পানি, চাষাবাদ, পশুপালনের জন্য সরাসরি বৃষ্টির ওপর নির্ভরশীল। তাই খরা তাদের জন্য একটি মারাত্মক দুর্যোগ।
প্রশ্ন: জলবায়ু পরিবর্তনে কী কী ক্ষতি হয়?
উত্তর: বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে নানা রকম প্রভাব দেখা যাচ্ছে। যেমন—
১. গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
২. অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে।
৩. ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যাচ্ছে।
৪. বারবার ভয়াবহ বন্যা হচ্ছে।
৫. মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি করছে।
৬. গাছপালা ও প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে।
৭. ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের আরও বহু ক্ষতি হচ্ছে। ফলে বাংলাদেশ নানা দুর্যোগের সম্মুখীন হচ্ছে।
প্রশ্ন: বিভিন্ন দুর্যোগে শিশুদের লেখাপড়ার কী কী সমস্যা হয়?
উত্তর: দুর্যোগ হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি। দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতিবছর অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, খরা ইত্যাদি ঘটছে। এসব দুর্যোগে আমাদের শিশুরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় মানুষ আশ্রয়, পানি, খাদ্য, চিকিৎসা, কর্মসংস্থানের অভাবসহ বিভিন্ন সংকটে পড়ে। শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না। ফলে তাদের লেখাপড়া ক্ষতি হয়।
নদীভাঙনের কারণে লাখ লাখ মানুষ গৃহহীন হয়। সামাজিক জীবন ব্যাহত হয়। এতে শিশুদের শিক্ষাজীবনেও ক্ষতি হয়।
খরা উত্তরাঞ্চলের জন্য একটি মারাত্মক দুর্যোগ। অত্যধিক গরমে শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না বা ঠিকমতো পড়ালেখা করতে পারে না। অনেকে জ্বর, ডায়রিয়া, হাম, ইনফ্লুয়েঞ্জা, আমাশয়সহ নানা অসুখে ভোগে।
শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল