
অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# অল্প কথায় উত্তর দাও।
প্রশ্ন: ভূমিকম্প মোকাবিলায় কোন কোন বিষয় মনে রাখতে হবে?
উত্তর: সাম্প্রতিক কালে বাংলাদেশে প্রায়ই মৃদু ও মাঝারি ধরনের ভূমিকম্প হচ্ছে। বিজ্ঞানীদের মতে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস। ভূমিকম্পের সময় আমাদের করণীয়:
১. পুরোপুরি শান্ত থাকতে হবে।
২. আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না।
৩. বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে দিতে হবে।
৪. কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিতে হবে।
৫. পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে।
৬. প্রথম ভূকম্পন থেমে যাওয়ার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিতে হবে।
৭. প্রাথমিক চিকিৎসাব্যবস্থা বাড়িতেই রাখতে হবে।
৮. বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে।
ভূমিকম্প মোকাবিলায় বন্ধু, সহপাঠী, শিক্ষক ও অভিভাবক সবার সাথে ভূমিকম্পের ঝুঁকি ও করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে।
# সংক্ষেপে উত্তর দাও
প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের কয়েকটি কারণ লেখো?
উত্তর: বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেমন—কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, বনজঙ্গলের পরিমাণ কমে যাওয়া, নদী ধ্বংস হওয়া, জলাধার ভরাট করা ইত্যাদি।
প্রশ্ন: বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত কয়েকটি দুর্যোগের নাম লেখো।
উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতিবছর অতিবৃষ্টি, বন্যা, আইলা ও সিডরের মতো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি ঘটছে।
প্রশ্ন: বিভিন্ন দুর্যোগের ফলে মানুষ কী ধরনের সংকটে পড়ে?
উত্তর: বিভিন্ন দুর্যোগের সময় মানুষ আশ্রয়, পানি, খাদ্য, চিকিৎসা, কর্মসংস্থানের অভাবসহ বিভিন্ন সংকটে পড়ে।
প্রশ্ন: বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকা কোনগুলো?
উত্তর: বাংলাদেশে শতকরা প্রায় ৬৪ ভাগ এলাকায়ই বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে। এর মধ্যে দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চল, উত্তরাঞ্চল, চর,
হাওর ও নদীর তীরবর্তী অঞ্চল বিশেষভাবে উল্লেখযোগ্য।
প্রশ্ন: নদীভাঙনের প্রধান দুটি কারণ কী কী?
উত্তর: নদীভাঙনের প্রধান দুটি কারণ হলো প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে জোয়ার-ভাটা, ভূমিকম্প ইত্যাদি। অন্যদিকে মানবসৃষ্ট কারণ হলো অপরিকল্পিত নদী খনন, বালু উত্তোলন, নদীর তীরবর্তী গাছ কাটা ইত্যাদি।
প্রশ্ন: কোন কারণগুলো বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে খরার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে?
উত্তর: বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যা, অপরিকল্পিত উন্নয়ন, গাছপালা কেটে ফেলা, বায়ুদূষণ ইত্যাদি বায়ুমণ্ডলকে শুষ্ক করে ফেলে। ফলে বৃষ্টিপাত কমে যাচ্ছে এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতে খরার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে।
রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা