বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর

অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১০ থেকে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া হলো।
# রাতুল নবম শ্রেণির ছাত্র। বেতন দিতে না পেরে সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তাতে সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং পাড়ার বখাটে ছেলেদের সঙ্গে মেলামেশা শুরু করে। একদিন সে তার এক সঙ্গীর প্ররোচনায় রাস্তায় এক কিশোরীকে উত্ত্যক্ত করে। ঘটনাটি জেনে এলাকার এক স্কুলশিক্ষক এর প্রতিবাদ করলে রাতুল ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে একদিন রাস্তায় একাকী পেয়ে সে ওই শিক্ষককে ছুরিকাহত করে এলাকা থেকে পলায়ন করে।
প্রশ্ন:
ক. নৈরাজ্য কী? ১
খ. বাংলাদেশে সাধারণত কেন অপরাধ সংঘটিত হয়? ২
গ. রাতুলের কৃত অপরাধের প্রকৃতি তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো। ৩
ঘ. সামাজিক সমস্যা মোকাবিলায় একজন ব্যক্তির ভূমিকা অপেক্ষা গোষ্ঠীর ভূমিকাই শ্রেয়, অনুচ্ছেদে বর্ণিত ঘটনার আলোকে এর যথার্থতা বিশ্লেষণ করো। ৪
উত্তর: ক.সমাজে শৃঙ্খলার অভাবই হচ্ছে নৈরাজ্য।
উত্তর: খ. বাংলাদেশে সাধারণত দারিদ্র্যের কারণেই অপরাধ সংঘটিত হয়। এ দেশে চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভ টিজিং ইত্যাদি অপরাধ ঘটতে দেখা যায়। এসব অপরাধ কিশোর ও যুবক বয়সের ছেলেরাই মূলত করে থাকে। যারা অপরাধ করছে, তাদের সম্পর্কে তথ্য নিয়ে জানা যায়, তাদের অনেকে আর্থিক অনটনে পড়ে অপরাধকর্মে জড়িত হয়। দরিদ্র বলে অর্থের প্রলোভন দেখিয়ে সহজেই তাদের অপরাধকর্মে যুক্ত করা যায়।
উত্তর: গ. রাতুল নবম শ্রেণির ছাত্র। বেতন দিতে না পেরে সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এই দিকটি বিবেচনা করে আমরা বলতে পারি, রাতুলের বয়স ১৬ বছরের বেশি নয়। স্কুলে যেতে না পেরে সে হতাশাগ্রস্ত হয় এবং পাড়ার বখাটে ছেলেদের সঙ্গে মেলামেশা শুরু করে। একপর্যায়ে সে রাস্তায় এক কিশোরীকে উত্ত্যক্ত করে।

আমরা রাতুলের বয়স ও তার আচরণ বিবেচনা করে বলতে পারি, সে একজন কিশোর অপরাধী। বাংলাদেশে সাধারণত ৭ থেকে ১৬ বছরের কিশোর-কিশোরীদের কিশোর অপরাধে অন্তর্ভুক্ত করা হয়। এ রকম বয়সসীমার কোনো কিশোর বা কিশোরী যদি স্কুল পালায়, শিক্ষক-গুরুজনকে অমান্য করে, পথচারী বিশেষ করে মেয়েদের সঙ্গে অশালীন ব্যবহার করে কিংবা উদ্দেশ্যহীনভাবে এখানে-সেখানে ঘোরফেরা ইত্যাদি করে, তবে তা কিশোর অপরাধ বলে গণ্য হয়।
রাতুলের চরিত্রে ওপরে বর্ণিত কিশোর অপরাধের সব কয়টি দিক পরিলক্ষিত হয় বিধায় আমরা তাকে কিশোর অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারি।
উত্তর: ঘ. সামাজিক সমস্যা মোকাবিলায় ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। একজন ব্যক্তি সামাজিক সমস্যা মোকাবিলায় প্রথমে নিজে সচেতন থাকতে পারে। এরপর ব্যক্তি নিজেকে অপরাধ সংঘটনের কাজ থেকে বিরত রাখতে পারে। এর পাশাপাশি একজন ব্যক্তি অন্যকে অপরাধমূলক কাজে অংশগ্রহণের ব্যাপারে নিরুৎসাহিত করতে এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে ভূমিকা পালন করতে পারে। কিন্তু যে সমস্যা মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন হয়, সে ক্ষেত্রে ব্যক্তির ভূমিকার চেয়ে গোষ্ঠীর ভূমিকা শ্রেয়।
রাতুল দারিদ্র্যের কারণে স্কুলত্যাগী হয়েছে। এটা তাকে হতাশাগ্রস্ত করে এবং পাড়ার বখাটের সঙ্গে মেলামেশা করার দিকে ঠেলে দেয়। সে তার বখাটে সঙ্গীর প্ররোচনায় অপরাধ করে। এ রকম অপরাধ এক ধরনের সামাজিক ব্যাধি। এর কারণ সমাজের অনেক গভীরে লুকায়িত আছে। তা ছাড়া এ রকম সমস্যা এক দিনে সৃষ্টি হয়নি এবং কোনো একক কারণ এর জন্য দায়ী নয়। সামাজিক শ্রেণিবৈষম্য, অনাচার, অশিক্ষা, বেকারত্ব ইত্যাদি কারণে রাতুলের মতো ছেলেরা অপরাধ করছে। আর এই অপরাধ একজন শিক্ষক এককভাবে প্রতিবাদী হয়ে মোকাবিলা করতে পারেন না। রাতুলের দৃষ্টান্ত থেকে সেটা বোঝা যায়। শিক্ষক প্রতিবাদ করায় রাতুল ক্ষিপ্ত হয়ে আরও বড় অপরাধ করে বসল। সুতরাং প্রমাণিত হয় যে কোনো সামাজিক সমস্যা মোকাবিলার ক্ষেত্রে কোনো একজন ব্যক্তির পরিবর্তে যদি সম্মিলিত বা গোষ্ঠীবদ্ধ হয়ে প্রয়াস চালানো যায়, তবে সুফল পাওয়া যেতে পারে। এখানে শিক্ষক বিষয়টি সমাজের অন্যদের জানিয়ে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করলে রাতুল তার বিরুদ্ধে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হতো না।
ডাইরেক্টর অব পাবলিকেশন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা