
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৮ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
অল্প কথায় উত্তর দাও।
প্রশ্ন: অটিস্টিক বন্ধুদের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো?
উত্তর: আমাদের প্রত্যেকের প্রতিভায় ভিন্নতা আছে, আচরণেও ভিন্নতা আছে। কারও কারও আচরণ একটু বেশি অন্য রকম। আচরণ সমস্যা আক্রান্ত শিশুদের অটিস্টিক শিশু বলে। অটিস্টিক বন্ধুদের পাঁচটি বৈশিষ্ট্য হলো:
১. বন্ধুরা সব সময় চুপচাপ থাকে। নাম ধরে ডাকলেও সাড়া দেয় না। অনেকে সরাসরি চোখের দিকে তাকায় না।
২. অনেকে আছে, যারা অন্যের স্পর্শ সহ্য করতে পারে না। তাই ওদের আদর করতে গেলে রেগে যায়, দেখে মনে হয় যেন ভালোবাসা বোঝে না।
৩. কোনো কিছুর প্রয়োজন হলে মুখে না বলে হাত ধরে সেই জিনিসের কাছে টেনে নিয়ে যায়।
৪. অনেক সময় নিজের ভাষায় কথা না বলে অন্যের ভাষায় বলা বলে। যেমন ‘আমি ভাত খাব’ না বলে বলতে পারে ‘রাজু ভাত খাবে’।
৫. শিশুটি আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে যেমন সংবেদনশীল ত্বকের কারণে যেকোনো কাপড় পরতে চায় না।
এটি কোনো রোগ নয় যে চিকিৎসা করলেই সেরে যাবে। তাদের সমস্যার ধরনগুলো জেনে সঠিক শিক্ষার মাধ্যমেই তাদের স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব।