বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১৬-১৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটিগুলোর নির্বাচন আগামীকাল সোমবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে।
এবারের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁরা হলেন মোস্তাফা জব্বার, এ টি শফিক উদ্দিন আহমেদ, প্রকৌশলী সুব্রত সরকার, ইউসুফ আলী শামীম, মো. শাহিদ-উল-মুনীর, নাজমুল আলম ভূঁইয়া, মো. মাজহারুল ইমাম, আলী আশফাক, মো. মিজানুর রহমান এবং এস এম ওয়াহিদুজ্জামান।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের কাজ এগিয়ে চলেছে। আমরা ইতিমধ্যে প্রস্তুতি সভা করেছি। প্রার্থীরাও তাঁদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকবারের মতো এবারও আশা করছি সবার সহযোগিতায় সুন্দর ও আনন্দময় একটি নির্বাচন হবে।’
নির্বাচন বোর্ডের অন্য সদস্যরা হলেন খন্দকার আতিক-ই-রব্বানী এবং কামরুল ইসলাম। নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান শাফকাত হায়দার, সদস্য এস কবির আহমেদ এবং এ কে এম শামসুল হুদা।
বাণিজ্য সংগঠন বিধিমালা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সংঘবিধি অনুযায়ী নির্বাচনে বাংলাদেশ কম্পিউটার সমিতির ৭২৭ ভোটার উল্লেখিত ১০ প্রার্থীর মধ্যে থেকে ২০১৬-১৭ মেয়াদের জন্য সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচন করবেন। নির্বাচিত এই সাতজন তাঁদের মধ্য থেকে কার্যনির্বাহী কমিটিতে পদবণ্টনের নির্বাচন করবেন।
একই সঙ্গে বিসিএসের আটটি শাখা কমিটির (খুলনা, সিলেট, যশোর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সিলেট এবং খুলনা ছাড়া অন্য ছয়টি শাখা কমিটিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সবাই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সিলেট শাখা কমিটির ২০ জন ভোটার ১২ জন প্রার্থীর মধ্য থেকে সাত সদস্যবিশিষ্ট সিলেট শাখা কমিটি নির্বাচন করবেন। অপরদিকে, খুলনা শাখা কমিটির ২২ জন ভোটার আটজন প্রার্থীর মধ্য থেকে সাত সদস্যবিশিষ্ট সিলেট শাখা কমিটি নির্বাচন করবেন।