বাংলাদেশ গণিত দলের জন্য শুভকামনা
জামিলুর রেজা চৌধুরীসভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিবাংলাদেশ গণিত দল অষ্টমবারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছে শুনে আমি অত্যন্ত আনন্দিত। কয়েক বছর ধরে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের গণিতে সাফল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিবছরই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পদক অর্জন করতে সক্ষম হচ্ছে। আমি আশা করি, এবারও দলের সব সদস্য আগের চেয়ে ভালো ফল করতে পারবে এবং দেশের জন্য সম্মান বয়ে আনবে। দলের সব সদস্যের প্রতি রইল আমার শুভকামনা।কে এস তাবরেজব্যবস্থাপনা পরিচালক, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডআর্জেন্টিনার মার ডেল প্লাটা শহরে অনুষ্ঠেয় ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) আসরে সারা বিশ্বের সামনে মেধা ও যোগ্যতা প্রমাণ করতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিয়ে যাচ্ছে আমাদের পাঁচজন খুদে গণিতবিদ। গণিতের এই বিশ্ব আসরে তারা অষ্টমবারের মতো বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়াচ্ছে জেনে খুব গর্ববোধ করছি।বিগত বছরের মতো এবারও আইএমওতে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং আরও ভালো কোনো ফল বয়ে আনবে। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব দেশের আপামর জনসাধারণের কাছে অব্যাহতভাবে প্রসিদ্ধি লাভ করেছে। প্রশংসিত হচ্ছে সর্বমহলে এই সুসংগঠিত আয়োজন। সেই সঙ্গে প্রতিবছরই এ আয়োজনের পরিসর বেড়ে চলেছে। ডাচ্-বাংলা ব্যাংক ধারাবাহিকভাবে এ আয়োজন সম্পাদনে প্রয়োজনীয় সম্পূর্ণ আর্থিক সহযোগিতা করে আসছে। দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করতে ডাচ্-বাংলা ব্যাংকের এই প্রচেষ্টা দেশবাসীর প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে। ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া এই পাঁচজন খুদে গণিতবিদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে অনেক শুভকামনা ও অভিনন্দন রইল। গণিত উৎসবের জয় হোক।মুহম্মদ জাফর ইকবালসহসভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিআমরা অষ্টমবারের মতো আমাদের ছেলেমেয়েদের আইএমওতে পাঠাচ্ছি বাংলাদেশের লাল-সবুজ পতাকা দিয়ে। আমি আশা করছি, আমাদের ছেলেমেয়েরা তাদের চেষ্টার পুরোটাই প্রতিযোগিতায় ঢেলে দেবে। গত তিনবার আমরা পদক নিয়ে এসেছিলাম। কাজেই বলতে কোনো সংকোচ নেই, এবার আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা আশা করি, পৃথিবীর সামনে আমাদের প্রতিযোগীরা দেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে। আমাদের এই গৌরবের পথযাত্রায় সহযোগী বাংলাদেশ গণিত দলের সদস্যদের জন্য রইল আন্তরিক শুভকামনা।মাহবুব মজুমদারকোচ, বাংলাদেশ গণিত দলগত বছরের মতো এবারও আমাদের শিক্ষার্থীরা ভালো করবে, এ ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী। আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের জন্য গর্ব। তারা বিশ্বের মাঝে আমাদের দেশের ভালো বিষয় তুলে ধরে। তারা সত্যিকার অর্থেই মেধাবী। তারা নিজেরা যথেষ্ট পরিশ্রমী ও সৎ। বিভিন্ন স্থানে তারা অন্যদের নানা ক্ষেত্রে সহযোগিতা করে। আমাদের প্রত্যাশা, দেশের জন্য ভালো কিছু করবে তারা। এ বছরের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ফল যা-ই হোক, আমাদের শিক্ষার্থীদের প্রতি দেশবাসীর সমর্থন ও দোয়া চাই।