বাংলাদেশ নিয়ে লেনোভোর পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেনোভোর নতুন পণ্য উন্মোচন। ছবি: মো. মিন্টু হোসেন
লেনোভোর নতুন পণ্য উন্মোচন। ছবি: মো. মিন্টু হোসেন

বাংলাদেশে প্রযুক্তিপণ্যের বাজারে শীর্ষস্থানে যাওয়ার লক্ষ্য নিয়ে ‘পিসি প্লাস’ কার্যক্রম শুরু করছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোনসহ অন্যান্য প্রযুক্তিপণ্য বাংলাদেশে বিক্রি করবে প্রতিষ্ঠানটি। শিগগিরই বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোনও আনবে লেনোভো।


বাংলাদেশে নিজেদের বাজার সম্প্রসারণের উদ্যোগ হিসেবে ১৯ আগস্ট মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে লেনোভো। এ অনুষ্ঠানে ‘বাংলাদেশ সম্ভাবনাময় প্রযুক্তি বাজার’ উল্লেখ করে এ দেশে তাদের নতুন পণ্যের পোর্টফোলিও তুলে ধরেন লেনোভো ভারতের ব্যবস্থাপনা পরিচালক অমর বাবু।

অমর বাবু বলেন, বিশ্ববাজারে পিসিতে এক নম্বর লেনোভো। স্মার্টফোনে আছে তিনে। সার্ভারসহ প্রযুক্তিপণ্যের অন্য ক্ষেত্রগুলোতে উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শিগগিরই মটোরোলা মোবিলিটিসহ বেশ কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠান কিনে নেবে।

বাংলাদেশের প্রযুক্তি বাজার সম্পর্কে অমর বাবু বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্রযুক্তিপণ্যের সম্ভাবনাময় বাজার। বাংলাদেশের বাজারে লেনোভোর পণ্যগুলোকে আরও জনপ্রিয় করতে চাই আমরা। এ পরিকল্পনার অংশ হিসেবে আমরা বাংলাদেশে পিসি প্লাস কার্যক্রম শুরু করেছি। পিসি প্লাস হচ্ছে, পিসি ছাড়াও অন্যান্য প্রযুক্তিপণ্য।’

লেনোভো ভারতের ব্যবস্থাপনা পরিচালক বলেন, দক্ষিণ এশিয়ার বাজার হিসেবে তাঁরা বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশের ভোক্তারা প্রযুক্তিপণ্য ব্যবহারে উন্নত দেশগুলোর কাছাকাছি চলে এসেছে। এখানে লেনোভোর ব্যবসার সম্ভাবনাও রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেনোভোর হেড অব মার্কেটিং রুহুল আগারওয়াল। তিনি লেনোভোর বিভিন্ন প্রযুক্তিপণ্য সম্পর্কে তথ্য উপস্থাপন করেন। বাংলাদেশের বাজারে হাইব্রিড ট্যাব ফ্লেক্স ২, ইয়োগা টু, এ সেভেন-ফিফটি ট্যাবলেট, বি ৬০০০, সি ৩৪০, থিংক সেন্টার টাইনি ল্যাপটপ এবং এক্স ২৪০ থিংক প্যাড সম্পর্কে জানান তিনি।

লেনোভো পণ্যের দাম সম্পর্কে রাহুল আগারওয়াল বলেন, ‘সব ধরনের ক্রেতাদের জন্যই লেনোভোর পণ্য রয়েছে। তবে পণ্যের দাম একটু বেশি। কারণ, আমরা দামের চেয়ে পণ্যের মানের দিকে বেশি গুরুত্ব দিয়ে থাকি।’