বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তায় বেসিসের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বেসিস প্রতিনিধি দলের সাক্ষাৎ। ছবি: বেসিসের সৌজন্যে
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বেসিস প্রতিনিধি দলের সাক্ষাৎ। ছবি: বেসিসের সৌজন্যে

বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তায় সহযোগিতা করতে চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এ বিষয়ে দক্ষ ও আন্তর্জাতিক মানের সেবা প্রদানকারী বেসিস সদস্য কোম্পানিগুলোর মাধ্যমে এই সহযোগিতা দিতে চায় বেসিস।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে গতকাল সোমবার বেসিস সভাপতি শামীম আহসানের নেতৃত্বে বেসিস প্রতিনিধিদল বৈঠক করে। বৈঠকে বাংলাদেশ ব্যাংককে সহযোগিতাসহ দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কিছু প্রস্তাব দিয়েছে প্রতিনিধিদল। বেসিস সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল ও কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ। বৈঠকে বেসিসের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবগুলো হচ্ছে—ইইএফের খসড়া নীতিমালায় (তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ ফান্ড) বেসিসের প্রস্তাবকে গুরুত্ব দেওয়া, তথ্যপ্রযুক্তি ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনলাইন কেনাকাটার জন্য চালু হওয়া ভারচুয়াল কার্ডের প্রাপ্তিতে ইন্টারনেট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজকে যুক্ত করা, তথ্যপ্রযুক্তি খাতের জন্য একটি ‘আইসিটি এসএমই তহবিল’ গঠন করে তাতে ন্যূনতম ২০০ কোটি টাকার বরাদ্দ দেওয়া ও সুদের হার সর্বনিম্ন পর্যায়ে রাখা, আইটি/সফটওয়্যার কোম্পানির বৈদেশিক লেনদেনের পরিমাণ বছরে ২০ হাজার ডলার থেকে ৫০ হাজার ডলারে উন্নীত করা। 

বেসিসের প্রস্তাবগুলো শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেন গভর্নর। ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তিবিষয়ক বিভিন্ন কমিটি ও কার্যক্রমে বেসিসকে সম্পৃক্ত করার কথা বলেন তিনি।