বাংলাদেশ যেখানে সেরা

ডায়াবেটিসের রোগীদের জন্য পানীয়, যা রোগীর ডায়াবেটিস, ব্লাড প্রেশার ও কোলেস্টেরলের মাত্রা কমাবে! এমনই এক পরিকল্পনা তৈরি করে ‘টেককৃতি ১৪’-এর উদ্যোক্তা বিভাগে সেরা হলো বাংলাদেশের দল ‘মেটানোইয়া’। টেককৃতি হলো এশিয়ার অন্যতম বৃহৎ প্রযুক্তি ও উদ্যোক্তা উৎসব। অংশগ্রহণকারী এশিয়ার বাকি দলগুলোকে হারিয়ে বিজয়ীর গৌরব অর্জন করেছে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ‘মেটানোইয়া’। চারজনের দলটির সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের তন্ময় আনন্দ পাল, সাকিব চৌধুরী, রুমি তোফায়েল আহমেদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ইশতিয়াক হোসেন।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডে প্রতি দলকে নিজ নিজ ব্যবসায়িক পরিকল্পনার পাঁচটি মূল বিষয়ের ওপর ভিত্তি করে প্রকল্পের সারমর্ম দিতে হয়। সারমর্মের ওপর ভিত্তি করেই প্রায় ২০০টি দল থেকে সেরা ২০টি দল নির্বাচন করা হয় এবং পরবর্তী সময়ে এই ২০টি দলের ব্যবসায়িক পরিকল্পনা অনুযায়ী ফাইনালের জন্য সেরা পাঁচটি দল নির্বাচন করা হয়।
যে পণ্যকে নিয়ে বিজয়ী দলের পুরো পরিকল্পনা তার নাম হলো ‘ডায়াস্ম্যাশ’। ডায়াস্ম্যাশের এর ভাবনাটা ছিল দলনেতা তন্ময় আনন্দ পালের। তিন বছর ধরে তিনি এই পানীয় নিয়েই কাজ করছেন। কথায় কথায় তিনি জানালেন, ‘বাংলাদেশে প্রায় ৫৫ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, ঝুঁকিতে আছে আরও এক কোটি। ভয়াবহতার বিচারে আমাদের দেশের অবস্থান বিশ্বে দশম। ২০৩০ সালের মধ্যে এ দেশের ডায়াবেটিস রোগীর সংখ্যা অতিক্রম করবে এক কোটি। তাদের নানা রকম খাদ্যাভ্যাস মেনে চলতে হয়, শারীরিক ব্যায়াম করতে হয়। তখনই আমার মাথায় ভাবনাটা আসে, এমন পানীয় যদি তৈরি করা যায় যা একই সঙ্গে ডায়াবেটিস, কোলেস্টেরল ও ব্লাড প্রেশার কমাবে পাশাপাশি তৃষ্ণা নিবারণও করবে, তাহলে সত্যিই এসব রোগীর অনেক
উপকার হবে।’
এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে তিনি শরণাপন্ন হয়েছিলেন এই বিষয়ে প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্ধী ও গত বছর বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকারী রিদওয়ান ইসলামের। এ ছাড়া ল্যাব ব্যবহারের সুযোগ দিয়ে ও সার্বক্ষণিক পরামর্শ দিয়ে তাঁদের গাইড করেছেন ফার্মেসি বিভাগের সাবেক ডিন এম এ রশিদ।
আইআইটি কানপুরে গত ৭ এবং ৮ মার্চ এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ৮ তারিখ ছিল ফাইনাল ইভেন্টের প্রেজেন্টেশন। ভিসাসংক্রান্ত জটিলতার কারণে তাঁরা কানপুরে পৌঁছাতে না পারায় আয়োজকদের অনুরোধ করলে তারা বাংলাদেশ থেকে সরাসরি ভিডিওতে প্রকল্প উপস্থাপনার ব্যবস্থা করেন কানপুরের দক্ষ বিচারকমণ্ডলীর সামনে। শেষ পর্যন্ত তাঁরা বাংলাদেশে থেকেই ডায়াস্ম্যাশের ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন। সেদিনই সন্ধ্যায় তাঁরা জানতে পারেন ‘টেককৃতি ১৪’-এর বিজয়ের সাফল্য এবার তাঁদের দখলে। এই পণ্যটি বাংলাদেশের বাজারে সহজলভ্য করে তোলাই বর্তমানে তাঁদের মূল লক্ষ্য এবং পরবর্তী সময়ে তা দেশের বাইরেও বাজারজাত করার পরিকল্পনা রয়েছে।
‘টেককৃতি ১৪’ উৎসবে অন্য একটি বিভাগে সেরা হয়েছে বুয়েট এক্সপনেনশিয়াল দল।