বাংলাদেশই বাংলা ভাষার রাজধানী

ওয়েবিনারে টেলিযোগাযোগমন্ত্রীছবি : সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ৩৫ কোটি বাংলা ভাষাভাষীর জন্য বাংলাদেশই হচ্ছে বাংলা ভাষার রাজধানী। বাংলাদেশই ডিজিটাল প্রযুক্তিতে বাংলার এনকোডিং ও কিবোর্ডের মান প্রমিত করেছে।বাংলার ১৬টি টুলস উন্নয়নের জন্য সরকার ১৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে, যার কাজ এখনো চলছে। অন্যদিকে ইউনিকোড কনসোর্টিয়াম বাংলার জটিলতাকে ভয়ংকর করে তুলেছে। আমাদের দুর্ভাগ্য যে ইউনিকোডে বাংলা এনকোডিং করার সময় আমরা তার সদস্য ছিলাম না। তখন ভারতীয় বাংলা ভাষাভাষীরা বাংলাকে দেবনাগরীর মতো করে এনকোডিং করে আমাদের ভাষার স্বতন্ত্র বৈশিষ্ট্যকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। বাংলাদেশে প্রকাশনার জন্য মূলত একটিই কিবোর্ড ও সফটওয়্যার ব্যবহার করা হয়। এখানে আসকি ও ইউনকোডের মধ্যে যে ব্যবধান আছে তা ভেঙে ফেলা হয়েছে। তারপরও ইউনিকোড রূপান্তরে যে জটিলতা হয় তার অপরাধ বাংলা ভাষাভাষীদের নয়, এ অপরাধ ইউনিকোড কর্তৃপক্ষের।

বুধবার রাতে ঢাকায় প্রযুক্তিবিষয়ক মাসিক পত্রিকা ‘কমপিউটার জগৎ’–এর আয়োজনে অনুষ্ঠিত ডিজিটাল দুনিয়ায় বাংলা লিপি ব্যবহারের সংকট ও সমাধান নিয়ে অনুষ্ঠিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।


বাংলা ভাষা ও সাহিত্যের প্রযুক্তিগত সমস্যার পেছনে ইউনিকোড কনসোর্টিয়ামের দায় রয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, এখনো আমাদেরকে নোক্‌তা নিয়ে যুদ্ধ করতে হচ্ছে। অথচ বংলা বর্ণে কোনো নোক্‌তা নেই। দেরি করে হলেও ২০১০ সালে বাংলাদেশ ইউনিকোড কনসোর্টিয়ামে যোগ দিয়েছে। প্রযুক্তিতে বাংলা ভাষা ব্যবহারে আসকি, ইউনিকোড এবং প্রমিতের নির্দিষ্ট মান থাকলেও তার প্রয়োগ না থাকায় বানান পরীক্ষা, অভিধান, ওসিআর ইত্যাদিসহ বাংলা এনএলপি ব্যবহারে সমস্যা হচ্ছে।

‘কমপিউটার জগৎ’–এর নির্বাহী সম্পাদক মোহাম্মদ আব্দুল হকের সঞ্চালনায় এ সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ভাষা প্রযুক্তি বিশেষজ্ঞ, পরামর্শক মোহাম্মদ মামুন অর রশিদ। আলোচনায় ভারত থেকে অংশ নেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক উদয় নারায়ণ সিং। বক্তব্য দেন লেখক রাকিবুল হাসান, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান ও জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিপা জাহান।

ইউনিকোডের শুরু ১৯৮৭ সালে অ্যাপল কম্পিউটারের উদ্যোগে। পরে মাইক্রোসফটসহ বড় বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এ উদ্যোগে যুক্ত হয়ে ইউনিকোড কনসোর্টিয়াম গঠন করে। ১৯৮৮ সালে থাইল্যান্ডে অ্যাপলের একটি সম্মেলনে অংশ নেন বিজয় ফন্টের নির্মাতা এবং বর্তমানে ডাক, টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

সে সময় ইউনিকোডের বাংলায় ড়, ঢ়, য় ও ৎ—এই চার বর্ণ ছিল না। মোস্তাফা জব্বারের প্রস্তাবে তখন বর্ণগুলো ইউনিকোডে যুক্ত করা হয়।