মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন চালু করেছে জিপি আইটি নামে নতুন একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। জিপি আইটি চালু উপলক্ষে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর দ্বিতীয় দিনে গতকাল শনিবার ঢাকায় গ্রামীণফোনের নিজস্ব কার্যালয় জিপি হাউসে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। তিনটি পর্বে অনুষ্ঠিত এই সেমিনারে বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তথ্যপ্রযুক্তিসংক্রান্ত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন। তিনটি সেমিনারেই বাংলাদেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ব্যবহারের বিষয়টি গুরুত্ব পায়। আইসিটির কার্যকর ব্যবহারে যে দেশের সবক্ষেত্রেরই অগ্রগতি হতে পারে সে ব্যাপারে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। বিভিন্ন বক্তা নিজ নিজ প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থেকে বর্তমান ও ভবিষ্যতের প্রযুক্তির ধারা সম্পর্কেসেমিনারে আলোকপাত করেন। তিনটি সেমিনারেই প্রধান বক্তা ছিলেন জিপি আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ইসলাম। সেমিনারের পরবর্তী প্রশ্নোত্তর পর্বটিও পরিচালনা করেন তিনি। সেমিনারের প্রতিটি পর্বেই জিপি আইটির বিভিন্ন তথ্য ভিডিওচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়।প্রথম সেমিনারের বিষয় ছিল, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি এবং মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা রাখতে পারে?’ সেমিনারে বক্তারা বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বিকাশে নানা সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, ডিজিটাল বাংলাদেশের বিকাশ ঘটাতে হলে অবশ্যই তথ্যপ্রযুক্তির বিকাশের কোনো বিকল্প নেই। একই সঙ্গে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বিকাশের পথে নানা বাধা ও সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন বক্তারা। প্রথম পর্বের সেমিনারে জিপি আইটির চেয়ারম্যান ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেডাল, রিজিয়ন এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও প্রযুক্তি প্রদান ফ্রডি স্টলডাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মাহবুব জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের নীতিমালা উপদেষ্টা অ্যাডভাইজার আনীর চৌধুরীসহ অনেকে বক্তব্য দেন।দ্বিতীয় সেমিনারের বিষয় ছিল, ‘আগামীর তথ্যপ্রযুক্তি ও এর সম্ভাবনা’। সেমিনারে বক্তারা এ দেশে প্রযুক্তিবিষয়ক নানা সম্ভাবনার কথা তুলে ধরেন ও বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নতিতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের প্রয়োজনের যৌক্তিকতা তুলে ধরেন। এ পর্বে ভারতের শীর্ষ সফটওয়্যার প্রতিষ্ঠান উইপ্রোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসায় প্রধান পানডুরান দেশাই, ওরাকলের পরামর্শক কাশিফ সিদ্দিকী, হুয়াউইয়ের আঞ্চলিক বিপণন প্রধান জেফ হং, বাংলাদেশে এইচপির কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ এ রব প্রমুখ বক্তৃতা করেন।সর্বশেষ সেমিনারের বিষয় ছিল বিশ্বের বিভিন্ন বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সফলতার গল্প। এ সময়ে ইউনিনরের ভাইস প্রেসিডেন্ট অব অপারেশনস যোগেশ মালিক, ওম্যান ২.০-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাহেরোজ ক্যারানিয়া, ফেসবুকের ইন্টারন্যাশনাল গ্রোথ ম্যানেজার মিনাল ব্যালার , সুমাজির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইযা আনথালিব কাজী প্রমুখ বক্তব্য দেন। বক্তারা খুব কম সময়েই বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বিকাশে আশাবাদ ব্যক্ত করেন। জিপি আইটির দিনব্যাপী এই সেমিনারে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। —মোছাব্বের হোসেন