বাংলাদেশি তিন চৌকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার নিচ্ছেন আল জামি জাওয়াদ খান, রাহসিন জামিল ও মাকামে মাহমুদ
পুরস্কার নিচ্ছেন আল জামি জাওয়াদ খান, রাহসিন জামিল ও মাকামে মাহমুদ

কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের সেরা দলগুলোকে হারিয়ে ইতালির মিলান থেকে দেশের জন্য সেরা দলের সম্মান বয়ে এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের (আইবিএ) তিন শিক্ষার্থী—মাকামে মাহমুদ, আল জামি জাওয়াদ খান ও রাহসিন জামিল। তাঁরা তিনজনই আইবিএর বিবিএ ১৯তম ব্যাচের শিক্ষার্থী। তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ তাঁরা জিতে নিয়েছেন ২০১৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিক ‘বিসিএফএন—ইয়ং আর্থ সলিউশন (ইয়েস)’-এর সেরা প্রকল্পের পুরস্কার। তাঁদের ‘ভ্যালু +’ পৃথিবীর পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য খাদ্যের সুরক্ষা ও সব মানুষের জন্য সুস্বাস্থ্যের নিশ্চয়তা প্রদান করার প্রকল্প।
প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি একদা বলেছিলেন, ‘ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধই হলো মানব জাতির জন্য প্রকৃত স্বাধীনতাযুদ্ধ।’ ক্ষুধার বিরুদ্ধে এই বৈশ্বিক লড়াইয়ে সেনাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তিন সাহসী সৈনিক। পৃথিবীজুড়ে ২০০ মিলিয়ন মানুষ, যারা শহর অঞ্চলের বস্তিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, তাদের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ ও খাদ্য অপচয় রোধে কার্যকর এক মডেল দাঁড় করিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের (আইবিএ) তিন চৌকস তরুণ।
এই বছর ‘বিসিএফএন ইয়েস’ প্রোগ্রামে ২০টি দেশ থেকে মোট ১৫০টি প্রকল্প জমা পড়ে। সর্বমোট তিন হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতা উপলক্ষে জড়ো হয় ইতালির মিলান শহরে। ২৬ নভেম্বর বকোনি বিশ্ববিদ্যালয়ে পঞ্চম আন্তর্জাতিক খাদ্য ও পুষ্টি সম্মেলন উপলক্ষে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। মূল আয়োজক বিশ্বখ্যাত পাস্তা প্রস্তুতকারক বারিল্লা ফুড গ্রুপ। কোম্পানির কর্ণধার গুইদো বারিল্লার ইচ্ছায়ই ৩০ বছরের কম বয়সী শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবিত প্রকল্প প্রদর্শিত হয় এই প্রতিযোগিতার মঞ্চে। এ বছর সেরা প্রকল্পের সম্মান জিতে নেয় বাংলাদেশের দল আইবিএর ‘ভ্যালু +’। একই সঙ্গে তারা অর্জন করে সেরা দলের প্রাইজমানি হিসেবে এক হাজার ইউরো, যেটা প্রতিযোগীরা বিনিয়োগ করতে চান তাঁদের প্রকল্পে।
দেশে ফেরার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কথা হয় ‘ভ্যালু +’ দলের সদস্যদের সঙ্গে। দলনেতা মাকামে মাহমুদ বলেন, ‘আমাদের প্রকল্প ছিল শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো এবং আমাদের উপস্থাপনাও প্রাণবন্ত ছিল, কিন্তু তার পরেও এত বড় বড় দলের ভিড়ে আমরা ঠিক স্বস্তিতে ছিলাম না। তবে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। শেষ পর্যন্ত যখন বিজয়ী হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হলো, তখন গর্বে আমাদের বুক ভরে গেল!’
মাকামে তাঁদের প্রকল্পের মূল বিষয়গুলো বুঝিয়ে বলেন, ‘আমাদের উদ্দেশ্য তিনটি—পুষ্টিকর খাদ্য সম্পর্কে জনসচেতনতা নিশ্চিতকরণ, একে ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং সবার কাছে তা সহজলভ্য করে তোলা। আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য একটি কমিউনিটি খাদ্য বিতান গড়ে তুলব, যেখান থেকে সুলভমূল্যে পুষ্টিকর খাদ্য বিক্রি করা হবে। এর বাইরে আমাদের থাকবে পুষ্টি আপা, যিনি দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্যবার্তা পৌঁছে দেবেন এবং প্রতি জনপদে পরিচ্ছন্ন কমিউনিটি রান্নাঘর গড়ে তুলতে উদ্বুদ্ধ করবেন। আমাদের খাদ্য বিতানের সাপ্লাই চেইন নিয়ন্ত্রিত হবে মোবাইল ফোনের খুদেবার্তার মাধ্যমে।’
এরপর কথা বলেন আল জামি জাওয়াদ খান। ইতালি ভ্রমণের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটির কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘পুরো অনুষ্ঠানটি ইন্টারনেটে সরাসরি সমপ্রচার করা হয়। আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম তখন, যখন বারিল্লা গ্রুপের চেয়ারপারসন মি. গুইদো বারিল্লা আমাদের সঙ্গে দেখা করতে আসেন এবং আমাদের প্রকল্পে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেন। প্রতিযোগিতায় জয়লাভ ও বিশ্বের সবচেয়ে বড় পাস্তা প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে কাজ করার আমন্ত্রণ পাওয়া, একই সঙ্গে ইউরোপের সেরা শহরগুলো ঘুরে বেড়ানো, সব মিলিয়ে আমাদের মিশন শতভাগ সফল।’
‘প্রজেক্ট ভ্যালু+’কে বাস্তবে রূপদান করতে বদ্ধপরিকর দলের তিন সদস্যই। রাহসিন জামিল বলেন, ‘যদি আমরা দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থান চিন্তা করি, তাহলে আমাদের কাজটি হবে অনেক বড় একটি চ্যালেঞ্জ। আমরা এই প্রকল্পকে ধাপে ধাপে বাস্তবায়ন করতে চাই। আমরা ইতিমধ্যে বারিল্লা গ্রুপকে আমাদের সার্ভে রিপোর্ট ও কর্মপরিকল্পনা জানিয়েছি। তাদের সহায়তায় আমরা সফল হওয়ার পথে এগিয়ে যেতে চাই।’
এই প্রকল্প বাস্তবে রূপায়িত হলে সেটা কেবল বাংলাদেশের জন্যই সুফল বয়ে আনবে না, বরং একই মডেলের ওপর ভিত্তি করে আফ্রিকা ও এশিয়ার অন্যান্য শহরেও ক্ষুধার বিরুদ্ধে আন্দোলন জোরদার হবে। বাংলাদেশ এখন নিজের উন্নতির জন্য পরিকল্পনা করে না, বাংলাদেশের মডেল পৃথিবীর উন্নয়নে ব্যবহূত হয়। আন্তর্জাতিক অঙ্গনে আইবিএর এই তিন ঋদ্ধিমানের সাফল্যই প্রমাণ করে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবে বাংলাদেশ।