

শুভাকাঙ্ক্ষী
টোয়েন্টি গোল্ড মেডেলস! ইউ বিউটি মাইকেল ফেল্প্স! অসাধারণ! অবিশ্বাস্য! অবিস্মরণীয় অর্জন! ২৩তম অলিম্পিক স্বর্ণপদক জয়ের মাইলফলক স্পর্শ করায় তোমাকে হৃদয় নিংড়ানো অভিনন্দন! এ কীর্তি দিয়েই তুমি যুগ যুগ বেঁচে থাকবে গণমানুষের হৃদয়ের মণিকোঠায়। জানতাম, তোমাকে দিয়েই হবে! হ্যাটস অফ, ম্যান!
হিংসুটে
আরিব্বাস! ২৩টা স্বর্ণপদক জিতেই যেন সারা দুনিয়ার মানুষগুলার মাথা কিনে নিয়েছে! আর মানুষগুলাও যা! কিছু বিচার-বিবেচনা ছাড়াই একেবারে মাথায় তুলে নাচানাচি করবে! সোনার পদক জিতলেই সোনার মানুষ হওয়া যায় না, সে ২৩টা হোক আর ৪৩–ই হোক! সোনার মানুষ হতে হলে সুন্দর একটি মন থাকা চাই। চরিত্র সুন্দর হওয়া চাই। স্বর্ণপদক জিতে কি ফেল্প্স ধোয়া তুলসী পাতা হয়ে গেছে?

সমালোচক
২৩টি সোনার পদক জয়ের কৃতিত্ব যদিও ছোট করে দেখার অবকাশ নেই, তবু এটা বলতেই হয় যে বেইজিংয়ে আটটি সোনা জয়ের পর থেকেই ফেল্প্স আত্মতুষ্টিতে ভুগতে শুরু করে। একটু কেমন যেন গা–ছাড়া গা–ছাড়া ভাব! যেন সবই জয় করা হয়ে গেছে! নিজের স্বপ্ন, চিন্তাধারা এভাবে সীমাবদ্ধ করে ফেলা ঠিক না। আর একটু এফোর্ট দিলেই লন্ডন এবং রিওতে সে আরও ভালো করতে পারত। আজ হয়তো তার ২৩টার জায়গায় ৩০টা স্বর্ণ হতে পারত। কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে তা হবে কী করে!

সাম্যবাদী
তৃতীয় বিশ্বের অনেক দেশ যেখানে অলিম্পিকের শুরু থেকে যুগ যুগ ধরে আজ পর্যন্ত একটি সোনার পদকের জন্য রীতিমতো বিপ্লব করে যাচ্ছে, ঝঞ্ঝাবিক্ষুব্ধ সংগ্রামমুখর এক কণ্টকাকীর্ণ বন্ধুর পথ পাড়ি দিচ্ছে, সেখানে পুঁজিবাদের ঝান্ডাবাহক দেশের একজন একাই ২৩টা স্বর্ণ বাগিয়ে বসে আছে! সাম্রাজ্যবাদের এ নির্লজ্জ পদলেহন আর কত!

‘যদি’বাদী
হেহ্, এ আর এমন কী! আমার নাম যদি মাইকেল ফেল্প্স হতো, ওর মতো যদি বেঢপ লম্বা একটা বডি, ইয়া লম্বা লম্বা দুইটা হাত থাকত আর আমারও জন্ম যদি আমেরিকায় হতো, ওই ফেল্প্সের মতোই যদি অত সুযোগ-সুবিধা পেতাম, তবে ২৩টা নয়, অলিম্পিকের সব পদকই আমার দখলে থাকত!

সংশয়বাদী
যেখানে একটি সোনা জিততেই মানুষের নাকের জল চোখের জল এক হয়, সেখানে একাই ২৩টি গোল্ড মেডেল! সোনার পদক যেন গাছে ধরে আরকি! নাড়া দিলাম আর টুপ করে পড়ল! মানুষ সব বোঝে। এসবই আমেরিকার চাল! আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ! অলিম্পিক কমিটির সঙ্গে আঁতাত করেই এসব হয়েছে!

নিন্দুক
এই সেই ফেল্প্স! এত বড় একজন সেলিব্রিটি হয়েও জনসমক্ষে গাঁজায় টান দিতে যার একটুও বাধেনি। এত লোকের সামনে যে কল্কে ফুঁকতে পারে, সে যে আরও কত-কী করতে পারে কে জানে! এই যে ২৩টা স্বর্ণপদক জিতেছে, একটু ঘাঁটাঘাঁটি করলেই হয়তো দেখা যাবে এর পেছনেও কোনো না কোনো কুকীর্তি আছে!
বাংলা সিনেমার মমতাময়ী মা
আজ যদি ওর বাবা বেঁচে থাকত!