বাংলাদেশি প্রযুক্তি ও ভয়ংকর এলিয়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেসশিপের ভেতর থেকে স্বচ্ছ জানালা দিয়ে সৌরজগতের দিকে তাকিয়ে আছে দুই এলিয়েন। তাদের একটা বিজ্ঞানী-টাইপ, নাম প্রফেসর ঝাড়ফুঁক। আরেকজন নেতা-টাইপ, নাম জেনারেল উল্লু। প্রফেসর ঝাড়ফুঁক উল্লুকে বলল, ‘জেনারেল উল্লু, আমার বানানো ডিভাইসটা দিয়ে পুরো সৌরজগৎ তন্নতন্ন করে খুঁজেছি। পৃথিবী নামক গ্রহে কেবল বাংলাদেশেই সেরা বুদ্ধিমান মানুষেরা থাকে। ঠিক যেমনটা আমরা চাইছিলাম!’

জেনারেল উল্লু চোখ বড় বড় করে বলল, ‘তাহলে আর দেরি কেন, এখনই চলো, কিডন্যাপ করে আনি তাদের! সৌরজগতের সেরা বিজ্ঞানী প্রফেসর ঝাড়ফুঁক, তুমি আর তোমার আবিষ্কৃত এত উন্নততর ডিভাইসটা না থাকলে আমরা কোনোভাবেই জগতের সেরা বুদ্ধিমান প্রাণীদের খুঁজে পেতাম না! শাবাশ! ধন্য তুমি, ধন্য তোমার উদ্ভাবন!’

এরপর হুস করে ধোঁয়া উড়িয়ে স্পেসশিপটা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ল। দূর থেকে নীল পৃথিবীটা ঝলমল করছে।

‘পৃথিবী তো দেখা যাচ্ছে।’ জেনারেল উল্লুর কণ্ঠে উচ্ছ্বাস, ‘তো এখানে বাংলাদেশ জায়গাটা কোথায়?’

: সেটা খুঁজে বের করা তো আমার জন্য পানিভাত! আমার বানানো এই বিশেষ জিপিএস যন্ত্রটা অণুর কোটি ভাগের এক ভাগ সমান পরমাণুও খুঁজে বের করে ফেলতে পারে এক চুটকিতে! এখনই দেখবেন এর কামাল!

বলেই প্রফেসর ঝাড়ফুঁক তার যন্ত্রের স্ক্রিনে বাংলাদেশ লিখে সার্চ দিলেন। কিন্তু প্রথমবারেই ‘এরর ৪০৪: বাংলাদেশ নট ফাউন্ড!’ দেখাল। এভাবে কয়েকবার সার্চ দেওয়ার পরও ফলাফল একই দেখাল যন্ত্রটা। এভাবে ঘণ্টা খানেক লেগে থাকার পরও দেখা গেল, প্রফেসর ঝাড়ফুঁকের যন্ত্র ‘এরর ৪০৪: বাংলাদেশ নট ফাউন্ড!’ দেখাচ্ছে।

জেনারেল উল্লু গেল রেগে, ‘কী সব ছাতার জিনিস বানাও যে সামান্য একটা দেশ খুঁজে বের করতে পারে না! বুদ্ধিমানদের কীভাবে খুঁজে বের করবে তোমার এই জঞ্জাল! আহাম্মক!’

প্রফেসরের তখন কাঁচুমাচু অবস্থা, ‘ইয়ে মানে জেনারেল, আমার যন্ত্রের কোনো ত্রুটি নেই এখানে! এতক্ষণে আমি ব্যাপারটা ধরতে পেরেছি। বলেছিলাম না যে বাংলাদেশের মানুষ সব থেকে বুদ্ধিমান প্রাণী! বুদ্ধির বলেই তারা কোনোভাবে তাদের সব বৈদ্যুতিক তরঙ্গ কোনো এক অজানা এবং জগতের সব থেকে উন্নততর প্রযুক্তির মাধ্যমে লুকিয়ে রেখেছে! যাতে আমাদের মতো বাইরের কেউ তাদের খুঁজে না পায়! কিন্তু প্রযুক্তিটা আসলে কী, তা বুঝতে পারছি না! ওরা আসলেই ভয়ংকর মেধাবী! এবং ওদের প্রযুক্তিটাও ভয়ংকর হতে পারে, যা আমাদের জন্য ক্ষতিকর হবে, জেনারেল! এখন মনে হচ্ছে বুদ্ধিমান বাংলাদেশিদের কাছে আমরা তাদের ভাষায় যাকে বলে ডাল-ভাত!’

জেনারেল আবার ধমক দিলেন উচ্চ স্বরে, ‘আহাম্মক! তাহলে আর কী! চলো পালাই!’

ততক্ষণে ইউটার্ন মেরে স্পেসশিপটা পৃথিবীর ত্রিসীমানা থেকে দূরে চলে যাচ্ছে। পেছনে দেখা নীল পৃথিবীটা এখনো ঝকমক করছে। কেবল একটা জায়গায়ই কালো অন্ধকারে নিমজ্জিত। জায়গাটা আসলে বাংলাদেশ। তবে এটা বাংলাদেশিদের জন্য আশীর্বাদই বটে! পৃথিবীর বুকে বাংলাদেশকে খুঁজে না পেয়ে এবং অজানা কোনো বাংলাদেশি প্রযুক্তির ভয়েই তো পালিয়ে গেল ভয়ংকর এলিয়েনরা। তবে তাদের এটুকুও জানা হলো না যে বাংলাদেশের সেই প্রযুক্তিটার নাম লোডশেডিং!