বাংলাদেশি প্রোগ্রামারের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরাকল ডেটাবেইস ল্যাংগুয়েজ প্রোগ্রামিং প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের কম্পিউটার প্রোগ্রামার মুহাম্মদ আবদুল হালিম। বিশ্বের জনপ্রিয় ওরাকল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিশেষজ্ঞ স্টিভেন ফিউরিস্টেইন এবং ও’র‌্যালি মিডিয়া করপোরেশন যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে মুহাম্মদ আবদুল হালিম ১৬তম স্থান অর্জন করেছেন। বিভিন্ন ধাপে অনুষ্ঠিত এ প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১১৩টি দেশের প্রায় দুই হাজার ৫০০ প্রোগ্রামার অংশ নেন। তিন মাস ধরে ইন্টারনেটে প্রতিদিন একটি করে কুইজের উত্তর দিয়ে ৬৪ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে উন্নীত হন। এ ক্ষেত্রে কত কম সময়ে কুইজের সমাধান করা হয়েছে তা বিবেচনার মাধ্যমে চূড়ান্ত পর্বের বিজয়ী নির্বাচন করা হয়। চূড়ান্ত পর্ব চ্যালেঞ্জ চ্যাম্পিয়নশিপে ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৩২ জন অংশ নেন। একমাত্র বাংলাদেশি হিসেবে সফলতা পাওয়া ইরা ইনফোটেক লিমিটেডের ডেটাবেইস প্রশাসক মুহাম্মদ আবদুল হালিম প্রথম আলোকে জানান, ‘এ ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে আমরা যে পারি, সে ব্যাপারটি তুলে ধরতে হবে। বিশ্বের অনেক দেশের চেয়েও আমরা যথেষ্ট এগিয়ে আছি, এখন দরকার সামনের দিকে এগিয়ে যাওয়া।’ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন নেদারল্যান্ড, জার্মানি ও লাটভিয়ার প্রোগ্রামাররা। বাংলাদেশের পরে রয়েছেন ভারতের এক প্রোগ্রামার। প্রতিযোগিতার ওয়েবসাইট www.plsqlchallenge.com। বিস্তারিত জানা যাবে www.plsql-challenge.blogspot.com ঠিকানার ওয়েবসাইটে। —নুরুন্নবী চৌধুরী