বাংলাদেশে আইসিটি স্কিলস কমপিটিশনে বিজয়ীদের নাম ঘোষণা
বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের জন্য হুয়াওয়ে ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আয়োজিত বাংলাদেশ আইসিটি স্কিলস কমপিটিশন–২০২১ এ ১৫ জন বিজয়ী হয়েছেন। দশ মাসে বিভিন্ন রাউন্ডে প্রতিযোগিতা শেষে মঙ্গলবার অনলাইনে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুয়াওয়ে জানিয়েছে, আইসিটি খাতের প্রতিভাবানদের খুঁজে বের করে এ বিষয়ে শিক্ষা দিতে বাংলাদেশ আইসিটি স্কিলস কমপিটিশনের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের প্রায় এক হাজার শিক্ষার্থী নিবন্ধন করেন। এদের মধ্যে ১৫ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে জায়গা করে নেন।
প্রতিযোগিতায় বুয়েট দল চ্যাম্পিয়ন, দ্বিতীয় চুয়েট দল এবং তৃতীয় হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দল। বিজয়ীদের মধ্যে নয়জন ২০২২ সালের মে মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া হুয়াওয়ে আইসিটি স্কিলস কমপিটিশনের রিজওনাল রাউন্ডে অংশগ্রহণ করবেন। এ ছাড়া, এই নয়জনের মধ্য থেকে কয়েকজন বিজয়ী হুয়াওয়ের সঙ্গে কাজ করার সুযোগও পাবেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে ইউনেসকোর হেড অব অফিস ও ইউনেসকো প্রতিনিধি বিয়াট্রিস কালদুন ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝ্যাং ঝেংজুন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, এই ধরনের প্রতিযোগিতা দেশের তরুণদের প্রতিভা প্রকাশে অনুপ্রাণিত করছে। হুয়াওয়েসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠান তরুণদের প্রয়োজনীয় দক্ষতার মাধ্যমে তাদের ক্ষমতায়নে সরকারের লক্ষ্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে অবদান রেখেছে।
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী ঝ্যাং ঝেংজুন বলেন, তরুণদের দক্ষ করে তুলতে হুয়াওয়ে বাংলাদেশ আইসিটি স্কিলস কমপিটিশনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যাতে বাংলাদেশ ভবিষ্যৎ নেতৃবৃন্দের শক্তির ওপর ভরসা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে।