বাংলাদেশে ইউটিউব বন্ধ
ইউটিউব থেকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করে তৈরি করা মার্কিন চলচ্চিত্র না সরানোয় ১৭ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশে গুগলের ভিডিও সেবা ইউটিউব বন্ধ করে দিয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাংলাদেশে ইউটিউব ভিডিও দেখা যাবে না।এদিকে বাংলাদেশে সোমবার বিকেল পাঁচটার পর থেকে ইউটিউব ভিডিও দেখা যাচ্ছে না বলেই অনেক ইউটিউব ব্যবহারকারী জানিয়েছিলেন।বিটিসিএলের গণসংযোগ কর্মকর্তা মীর মো. মোরসেদ প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ইসলাম বিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস-এর ভিডিও চিত্রের প্রদর্শন বাংলাদেশে বন্ধ করতেই বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারের নির্দেশে বিটিআরসি প্রথমে চিঠি দিয়ে চলচ্চিত্রটি সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছিল। এতে কাজ না হওয়ায় বিটিআরসি বাংলাদেশ থেকে ইউটিউব বন্ধ করে দিয়েছে। চলচ্চিত্রটির ভিডিও ইউটিউবে প্রচারের পর থেকেই এ বিষয়টি নিয়ে মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বের মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। লিবিয়ার বেনগাজিতে মার্কিন রাষ্ট্রদূতসহ চারজন নিহত হওয়ার মত ঘটনা ঘটেছে।এদিকে এক খবরে বিবিসি জানিয়েছে, বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানেও ইউটিউব বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গুগলকে ওই ভিডিও সরিয়ে ফেলার অনুরোধ জানানোর পরও গুগল কর্তৃপক্ষ ভিডিও অপসারণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে ইন্দোনেশিয়া, ভারত, মিশর ও লিবিয়ায় ওই ভিডিও-চিত্রটি প্রদর্শন বন্ধ করে রেখেছে গুগল।